হারতে বসা ম্যাচ ছক্কায় জেতালেন ইকবাল ইমন

একদম শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসা ইকবাল হোসেন ইমনের এক চার ও এক ছক্কায় সব শঙ্কা উড়িয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রাকিবুল হাসান ফিরে যেতেই ১৬২ রানে ৯ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে চলে যায় বাংলাদেশ ‘এ’ দল। হাতে আর মাত্র একটি উইকেট, জয়ের জন্য তখনও প্রয়োজন ১৩ রান। তবে একদম শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসা ইকবাল হোসেন ইমনের এক চার ও এক ছক্কায় সব শঙ্কা উড়িয়ে নাটকীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যাটে নামার আগে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ১৭৫ রানের। সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন কিংবা সাব্বির রহমান, ইয়াসির আলী চৌধুরীদের মতো অভিজ্ঞ ব্যাটারদের নিয়ে গড়া লাইনআপের কাছে এই লক্ষ্য নিতান্তই সহজ হওয়ার কথা ছিল। তবে নামটা যখন বাংলাদেশ, তখন সহজ ম্যাচও যে শেষ বল পর্যন্ত সমর্থকদের হার্টবিট বাড়াবে, দোহায় আরও একবার তারই প্রদর্শনী দেখা গেল।

১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। শুরুর সেই ধাক্কা সামলে ২৭ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে রানের চাকা সচল রাখেন ওপেনার পারভেজ হোসেন ইমন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮৩ রানে পাঁচ উইকেট খুইয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

দলের এমন কঠিন মুহূর্তে হাল ধরেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন। সাব্বির ৪৩ বলে ২৮ রান করে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে ৮০ বলে ২৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন সাইফুদ্দিন। তাদের এই জুটিতে জয়ের সুবাস পেতে শুরু করেছিল বাংলাদেশ। তবে শেষদিকে সাইফুদ্দিন ও রাকিবুল হাসান দ্রুত বিদায় নিলে ১৬২ রানে নয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় দল।

তবে সব রোমাঞ্চ যেন জমা ছিল ম্যাচের শেষ ভাগে। দশম উইকেটে রিপন মন্ডলকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন ইকবাল হোসেন ইমন। গ্যালারিতে তখন পিনপতন নীরবতা, ডাগআউটে চরম উৎকণ্ঠা। কিন্তু স্নায়ুচাপকে জয় করে ৪৬তম ওভারে ম্যাচের দৃশ্যপট বদলে দেন ইমন।

ফরমানউল্লাহ সাফির করা সেই ওভারের চতুর্থ বলে দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন তিনি। পরের বলেই ওভারের পঞ্চম ডেলিভারিকে লং-অনের ওপর দিয়ে বিশাল ছক্কায় পরিণত করে ২৫ বল হাতে রেখেই দলের এক উইকেটের অবিস্মরণীয় জয় নিশ্চিত করেন এই টাইগার পেসার।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link