ভাগ্যের ছোঁয়া আর ধৈর্যের সুতোয় মুল্ডারের শতক!

দিনের শেষ ওভারে সেঞ্চুরিয়ানের বিদায়ে আবারও করতালি। কিছু ইনিংস চিৎকার করে জানান দেয়, মুল্ডারের ইনিংসটা ছিল সেই নীরব ধরনের, যেটা ধীরে ধীরে ম্যাচটাই নিজের করে নেয়।

“আরে, লাগলে তো আউট হয়ে যেত!” আক্ষেপে চেঁচিয়ে উঠলেন তাওহীদ হৃদয়। ব্যাট থেকে ছুটে আসা বল তাঁর হাতে লেগে ফিরে গেল, স্টাম্পে লাগলে নন-স্ট্রাইকিং প্রান্তে উইয়ান মুল্ডারের গল্প সেখানেই শেষ হয়ে যেত, লাগল না। ভাগ্য এভাবেই মুল্ডারের পাশে দাঁড়িয়ে ছিল। তবে পরের বলেই স্ট্রাইক প্রান্তে গেলেন, আর টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট লুফে নিলেন হৃদয়, মুল্ডারকে ফেরালেন সাজঘরে।

অথচ দিনভর মুল্ডার দাপট দেখিয়েছেন। সেঞ্চুরিয়নের গোধূলিতে দাঁড়িয়ে ইনিংসটা ফিরে দেখলে মনে হয়, ধৈর্য দিয়ে একটা একটা করে ইট গাঁথা হয়েছে। ক্রিজে এসেছিলেন ৫ উইকেটে ২৯৬ রানে, প্রথম চার বলে রান নেই। তারপর ধীরে ধীরে হাত খুলল। ফিফটি এল ৮৭ বলে, সেখান থেকে স্লগ সুইপে ছক্কা, রিভার্স প্যাডলে চার, আবার সময় বুঝে একের পর এক বল ছেড়ে দেওয়া। মার্কো ইয়ানসেনকে নিয়ে গড়ে ফেললেন একশো রানের জুটি।

ওদিকে বাংলাদেশ ছিল দিশেহারা। ক্যাচ ফসকাল, অকারণে রিভিউ পুড়ল, বোলারদের লাইন লেংথও কোথায় যেন হারিয়ে গেল। লিটন দাস চোট নিয়ে মাঠ ছাড়লেন। যে দল  ৯১ রানে গুটিয়ে গিয়েছিল, তারা লড়াইয়ের জায়গাটাই খুঁজে পাচ্ছিল না। মুল্ডার সেই ফাঁকটুকুতেই নিজের ইনিংস সাজালেন।

১১৪তম ওভারের প্রথম বলে এক রান নিয়ে ছুঁলেন নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি, হেলমেট খুলে হাত তুললেন, দাঁড়িয়ে গেল পুরো মাঠ। আর পাঁচ বল পরেই হৃদয়ের বলে এজ হয়ে ফিরলেন ১৭৮ বলে ১০০ রান করে, ১২টি চার আর দুটি ছক্কায়। হৃদয়ের আক্ষেপ ঘুরে গেল উল্লাসে, পেয়ে গেলেন নিজের প্রথম টেস্ট উইকেট।

দিনের শেষ ওভারে সেঞ্চুরিয়ানের বিদায়ে আবারও করতালি। কিছু ইনিংস চিৎকার করে জানান দেয়, মুল্ডারের ইনিংসটা ছিল সেই নীরব ধরনের, যেটা ধীরে ধীরে ম্যাচটাই নিজের করে নেয়।

 

Share via
Copy link