হ্যারি ব্রুক আদতে সবই পারেন

একের ভেতর সব! বিস্ময় বালক হ্যারি ব্রুকের ব্যাট সব জানে। ব্যাট হাতে যিনি কখনো আগুনের ফুলকি ছড়ান, কখনো আবার বরফখণ্ডের মতো শীতল। ২২ গজে তাঁর ব্যাট যেন একেকটি নিখুঁত কাব্য। আর সেই কাব্যের ভাষা বোঝার সাধ্য আছে কজনের!

একের ভেতর সব! বিস্ময় বালক হ্যারি ব্রুকের ব্যাট সব জানে। ব্যাট হাতে যিনি কখনো আগুনের ফুলকি ছড়ান, কখনো আবার বরফখণ্ডের মতো শীতল। ২২ গজে তাঁর ব্যাট যেন একেকটি নিখুঁত কাব্য। আর সেই কাব্যের ভাষা বোঝার সাধ্য আছে কজনের!

ইংল্যান্ডের ইয়র্কশায়ারের কেইগলি থেকে উঠে আসা এই ডানহাতি ব্যাটার যেন আধুনিক ক্রিকেটের এক অদ্ভুত সংমিশ্রণ। কখনো আগ্রাসী, কখনো ধীরস্থির। টেস্ট ক্রিকেটের সাদা পোশাকে যেমন দাপট দেখান, তেমনি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতেও তাঁর ব্যাট কথা বলে নিজের মতো করে।

ব্যাটিংয়ে কখনো বাজবলের প্রতিচ্ছবি, কখনো আবার রাহুল দ্রাবিড়ের মতো ধৈর্যের প্রতিমূর্তি। পরিস্থিতি বুঝে নিজেকে বদলে ফেলার এই ক্ষমতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। শুধু ব্যাটার হিসেবেই নয়, ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবেও কাঁধে তুলে নিয়েছেন বড় দায়িত্ব।

আধুনিক ক্রিকেটের বাঘা বাঘা বোলারদের নাকানিচুবানি খাওয়ানো যেন তাঁর অভ্যাস। কখনো সুইপ, কখনো রিভার্স সুইপ, আবার কখনো এমন সব পুল শট খেলেন যে মনে পড়ে যায় রিকি পন্টিং কিংবা রোহিত শর্মাকে। শট নির্বাচনে সাহস, টাইমিংয়ে নিখুঁত দক্ষতা আর মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা, সব মিলিয়ে ব্রুক যেন একাই একটা ব্যাটিং স্কুল।

তাঁর সতীর্থ, ইংল্যান্ডের আরেক মহাতারকা বেন স্টোকস একবার তাঁকে আখ্যা দিয়েছিলেন ‘অ্যাবসলিউট ফ্রিক’ বলে। কথাটা খুব একটা বাড়িয়ে বলা হয়নি। কারণ ব্রুকের ব্যাটিংয়ে এমন কিছু আছে, যা প্রচলিত ক্রিকেটীয় ব্যাখ্যায় সব সময় ধরা যায় না। যে কারণে তাঁকে বর্তমান সময়ের অন্যতম সেরা বহুমাত্রিক ব্যাটার বললে খুব একটা ভুল হবে না।

লাল বলের ক্রিকেটে মাত্র ৪১ ম্যাচের ৭০ ইনিংসে তাঁর সংগ্রহ ৩৬১০ রান। টেস্ট ক্রিকেটে বলের হিসাবে দ্রুততম ৩০০০ রান পূর্ণ করার বিশ্বরেকর্ড তাঁর। ৩১০ বলে ট্রিপল সেঞ্চুরি করে গড়েছেন আরেক বিস্ময়। শুধু তাই নয়, ইংল্যান্ডের হয়ে প্রথম ওয়ানডে ডাবল সেঞ্চুরির মালিকও তিনি। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির কীর্তিটিও এখন তাঁর নামের পাশে।

রেকর্ডের পাতায় নিজের নাম লেখানোর কাজটা ব্রুক বেশ ভালোভাবেই জানেন। তবে তাঁর গল্প কেবল পরিসংখ্যানের নয়। এই গল্প সাহসের, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার, আর ক্রিকেটকে নিজের মতো করে খেলার।

হ্যারি ব্রুকদের সময়টা কেবল শুরু। সামনে আরও অনেক পথ, আরও অনেক রেকর্ড, আরও অনেক পরীক্ষা। তবে একটা ব্যাপার পরিষ্কার, ২২ গজে তিনি শুধু রান করতে আসেন না, নিজের উপস্থিতিটাও জানান দিয়ে যান।

ক্রিকেটের ইতিহাসে অনেক বড় ব্যাটার এসেছেন, আরও আসবেন। কিন্তু কিছু ক্রিকেটার থাকেন, যাঁদের খেলা দেখলেই বোঝা যায়, এই সময়টা বিশেষ কিছু। হ্যারি ব্রুক সম্ভবত তেমনই একজন।

Share via
Copy link