বাংলাদেশের হেড কোচ হওয়ার দৌড়ে মিসবাহ ও জয়াসুরিয়া

নতুন কোচ হিসেবে বিসিবি সভাপতি তামিম ইকবালের সংক্ষিপ্ত তালিকায় জোরেশোরে উঠে এসেছে উপমহাদেশের দুই কিংবদন্তি। শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া ও পাকিস্তানের মিসবাহ-উল-হকের নাম।

মাঠের ক্রিকেটে টানা ব্যর্থতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সের বিদায়ঘণ্টা প্রায় বেজেই গেছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও, সাম্প্রতিক হতাশাজনক পারফরম্যান্সের কারণে মেয়াদ পূর্তির আগেই ক্যারিবীয় এই কোচকে ছাঁটাই করার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচ হিসেবে বিসিবি সভাপতি তামিম ইকবালের সংক্ষিপ্ত তালিকায় জোরেশোরে উঠে এসেছে উপমহাদেশের দুই কিংবদন্তি। শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া ও পাকিস্তানের মিসবাহ-উল-হকের নাম।

জাতীয় দলের ড্রেসিংরুমে শৃঙ্খলা ফেরাতে এবং ক্রিকেটারদের পারফরম্যান্সের জবাবদিহিতা নিশ্চিত করতে এবার একজন কঠোর ও আগ্রাসীমানসিকতার কোচ খুঁজছেন তামিম ইকবাল। অনুশীলন ও ফিটনেসের প্রশ্নে কোনো ছাড় দেবেন না এবং ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ তৈরি করে সেরাটা বের করে আনতে পারবেন – এমন কাউকেই দায়িত্ব দিতে চায় বোর্ড। তামিমের এই দর্শনের সঙ্গে দারুণভাবে মিলে যাচ্ছে জয়াসুরিয়া ও মিসবাহর কোচিং ধরন।

২০২৪ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব সামলেছেন সনাথ জয়াসুরিয়া। তাঁর অধীনে ২৭ বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় এবং ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ পায় লঙ্কানরা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লঙ্কানদের দায়িত্ব ছাড়া এই কিংবদন্তি বর্তমানে কোনো জাতীয় দলের সঙ্গে যুক্ত নন। খেলোয়াড়ি জীবনের মতো কোচিংয়েও তাঁর নির্ভীক ও কঠোর মানসিকতা তামিমের পছন্দের তালিকায় তাকে ওপরের দিকে রেখেছে।

সিমন্সের উত্তরসূরি হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হকের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড। খেলোয়াড়ি জীবন থেকেই ফিটনেস ও শৃঙ্খলার ব্যাপারে আপসহীন হিসেবে পরিচিত মিসবাহ। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে একসঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন তিনি।

নির্বাচক কমিটি ও ন্যাশনাল ক্রিকেট একাডেমির পদ থেকে সরে দাঁড়ানো মিসবাহ কোচ হিসেবে সাম্প্রতিক সময়েও দারুণ ছন্দে আছেন। মাত্র কদিন আগেই তাঁর কোচিংয়ে নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের শিরোপা জিতেছে সুদূরপশ্চিম রয়্যালস। এর আগে পিএসএলে পেশোয়ার জালমির ব্যাটিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

কেবল জয়াসুরিয়া বা মিসবাহই নন, তামিম ইকবালের সংক্ষিপ্ত তালিকায় আরও বেশ কয়েকজন হাই-প্রোফাইল কোচের নাম রয়েছে। এদের মধ্যে ইংল্যান্ডের সাবেক ব্যাটার ও আফগানিস্তানের সাবেক কোচ জোনাথন ট্রট, পাকিস্তানের সাবেক এক কোচ এবং দক্ষিণ আফ্রিকার কয়েকজন কোচিং প্রার্থীর নাম নিয়েও বোর্ডে আলোচনা চলছে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link