এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। চার ম্যাচের এই পথচলায় জয় দুটি, হারও দুটি। গ্রুপ স্টেজে হংকং ও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিলেও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হার এবং পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে পরাজয় বেশ কিছু প্রশ্ন সামনে এনেছে। তবে এই টুর্নামেন্টকে শুধু ফলাফল দিয়ে বিচার করাও ঠিক হবে না!
এ ধরনের টুর্নামেন্টের মূল লক্ষ্যই হচ্ছে পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজেদের প্রমাণের সুযোগ করে দেওয়া। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রাপ্তি কী?
কারা নিজেদের সামর্থ্য দেখাতে পেরেছেন? কোন কোন জায়গায় এখনো গ্যাপ রয়ে গেছে?

এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে পুরো টুর্নামেন্টের পারফরম্যান্স নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে হবে।
পুরো টুর্নামেন্টে বাংলাদেশের ব্যক্তিগত পারফরম্যান্সের সবচেয়ে বড় হাইলাইট ছিলেন শাহাদাত হোসেন দীপু। চার ম্যাচে ১৮৩ রান, গড় ৬১! পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে তাঁর অপরাজিত ১০৩ রানের ইনিংসটি ছিল টুর্নামেন্টে বাংলাদেশের অন্যতম সেরা পারফরম্যান্স।
ব্যাট হাতে সাইফ হাসান ১১৬, ইয়াসির আলী দুই ইনিংসে ৯১ এবং পারভেজ হোসেন ইমন ৭৭ রান করে নিজেদের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
বোলিং ইউনিটেও কয়েকজনের পারফরম্যান্স ছিল পজিটিভ। রিপন মণ্ডল, রাকিবুল হাসান, ইকবাল হোসেন ইমন ও রুবেল হোসেনের কাছ থেকে ভালো ইনপুট পাওয়া গেছে।
বিশেষ করে রিপনের উইকেট টেকিং অ্যাবিলিটি এবং রুবেলের লাইন-লেন্থ কন্ট্রোল দলের জন্য কার্যকর ছিল। তবে শুধু এক-দুই ম্যাচে ভালো করা নয়, পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রাখাটাও গুরুত্বপূর্ণ। সেটিও মিসিং ছিল!
টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা ছিল ব্যাটিংয়ের অধারাবাহিকতা। হংকংয়ের বিপক্ষে ডমিনেটিং জয় কিংবা আফগানিস্তানের বিপক্ষে টাফ সিচুয়েশনে জেতার পরও শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৪৫ রানে অলআউট হওয়া ব্যাটিংয়ের সীমাবদ্ধতা সামনে এনেছে।

টপ অর্ডারের ব্যর্থতা, মিডল ওভারে রান রেট ধরে রাখতে না পারা এবং ক্রুশিয়াল মোমেন্টে পার্টনারশিপ গড়তে না পারা দলকে বারবার চাপে ফেলেছে।
বোলিংয়েও কিছু ট্যাকটিক্যাল গ্যাপ ছিল। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে প্রতিপক্ষের রান রেট কন্ট্রোল করা যায়নি। মিডল ওভারে নিয়মিত উইকেট না পাওয়া এবং ডেথ ওভারে রান আটকে রাখতে না পারার বিষয়গুলোও চোখে পড়েছে।
পাশাপাশি ফিল্ডিংয়ের মিস এবং প্রেসার মোমেন্টে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলে।
ব্যক্তিগতভাবে কয়েকজন ক্রিকেটার নিজেদের প্রতিভার ঝলক দেখালেও পুরো দল চার ম্যাচে একই লেভেলের পারফরম্যান্স কন্টিনিউ করতে পারেনি। আর এখানেই বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষার জায়গা!
পটেনশিয়ালকে দলীয় সফলতায় পরিণত করতে হলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং – তিন ডিপার্টমেন্টেই আরও ধারাবাহিক হতে হবে।











