বোলিংয়ে বাংলাদেশ এখন যে কোনো সংস্করণেই বেশ সমীহ জাগানো দল। পেস কিংবা স্পিন, দুই বিভাগেই প্রতিপক্ষকে চাপে ফেলার মতো অস্ত্র আছে হাতে। কিন্তু সেই বোলিংয়ের শক্তিটাকে কাজে লাগানোর পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্যাটিং। বিশেষ করে ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ব্যাটিং চিত্রটা রীতিমতো উদ্বেগজনক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ভরাডুবির পর ওয়ানডেতে আসলে কতটুকু আশা বেঁচে আছে? সেটাই একটু খতিয়ে দেখা যাক।
বাংলাদেশ বিদেশের মাটিতে সবশেষ ১২ ম্যাচে জিতেছে মাত্র দুটি। সর্বশেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই ২৫০ রান করতে পারেনি। এর মধ্যে চার ম্যাচেই আবার অলআউট। অর্থাৎ শুধু বড় সংগ্রহ গড়তেই ব্যর্থ হচ্ছে না বাংলাদেশ, ৫০ ওভার ব্যাটিং করার সামর্থ্য নিয়েও উঠছে প্রশ্ন।
দক্ষিণ আফ্রিকার মাটিতে পেসাররা বাড়তি গতি ও বাউন্স আদায় করতে পারেন। নতুন বলের চ্যালেঞ্জ সামলানো তাই বাংলাদেশের ব্যাটারদের জন্য হবে বড় পরীক্ষা। টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বোলারদের বিপক্ষে যে অস্বস্তিতে পড়তে হয়েছিল, ওয়ানডেতেও সেই স্মৃতি তাড়া করতে পারে।
বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা ওপেনিং জুটি। সর্বশেষ ১০ ইনিংসে মাত্র একবার পঞ্চাশ পেরিয়েছে উদ্বোধনী জুটি। এমন পরিসংখ্যান নিয়ে দক্ষিণ আফ্রিকার মতো প্রতিপক্ষের বিপক্ষে লড়াইটা কঠিন হওয়ারই কথা। এবার তাই ওপেনিংয়ে নতুন সমীকরণ মেলাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তানজিদ হাসানের সঙ্গে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমন কিংবা মোহাম্মদ নাঈমকে। নতুন এই সমন্বয় কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়। তবে পরীক্ষার নামে বারবার ওপেনিং জুটি বদলালে স্থিতিশীলতা খুঁজে পাওয়া আরও কঠিন হতে পারে।

মিডল অর্ডারেও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। যদিও চোট কাটিয়ে ফিরছেন অধিনায়ক লিটন দাস। সর্বশেষ চার ইনিংসের দুটিতে ফিফটি পাওয়া এই ব্যাটারের কাছেই থাকবে বাড়তি প্রত্যাশা। কিন্তু একা লিটন কতটা সামলাতে পারবেন দলের ব্যাটিংয়ের হাল? তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ কিংবা জাকের আলীদেরও নিতে হবে দায়িত্ব। বিশেষ করে শুরুতে উইকেট পড়ে গেলে ইনিংস পুনর্গঠন এবং শেষ দিকে রান তোলার কাজটা করতে হবে সম্মিলিতভাবে।
আরেকটি বড় চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ। কুইন্টন ডি কক, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিসদের মতো ব্যাটাররা যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তবে বাংলাদেশের জন্য এখানে আশার জায়গা নিজেদের বোলিং। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম কিংবা মেহেদী হাসান মিরাজদের সামর্থ্য আছে প্রোটিয়াদের চাপে ফেলার। প্রশ্ন হলো, বোলাররা লড়াইয়ের মঞ্চ তৈরি করে দিলে ব্যাটাররা কি সেই লড়াইকে জয়ে রূপ দিতে পারবেন?
এই সিরিজে বাংলাদেশের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বকাপ প্রস্তুতি। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। অর্থাৎ আগামী বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তাই এই সিরিজ কেবল তিনটি ম্যাচের ফলাফলে সীমাবদ্ধ থাকার কথা নয়। বরং কোন ক্রিকেটাররা বিশ্বকাপ পরিকল্পনায় থাকবেন, কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন, সেটিও বুঝে নেওয়ার সুযোগ।
অবশ্য দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের সুখস্মৃতিও আছে। ২০২২ সালে প্রোটিয়াদের বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল। সেটিই এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি। সেই সিরিজের আত্মবিশ্বাস নিশ্চয়ই এবারও প্রেরণা জোগাবে।

কিন্তু চার বছর আগের সেই সাফল্যের স্মৃতি দিয়ে তো আর বর্তমানের দুর্বলতা ঢেকে রাখা যাবে না। বাংলাদেশের প্রথম কাজ হবে ব্যাটিংয়ের ভঙ্গুর দশা কাটিয়ে ওঠা। ৫০ ওভার ব্যাটিং করা, অন্তত লড়াই করার মতো সংগ্রহ গড়া এবং বোলারদের জন্য প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ তৈরি করা। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বপ্ন দেখতে হলে এই তিনটি জায়গায় উন্নতি জরুরি। নইলে শক্তিশালী বোলিং নিয়েও ব্যাটিংয়ের ব্যর্থতার দায়ে আবারও হতাশ হতে পারে বাংলাদেশ।










