একদিকে রিয়াল মাদ্রিদের একমাত্র গোলে অ্যাসিস্ট করেছেন, অন্যদিকে ম্যাচের শেষ দিকে ডাইভের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন। দেপোর্তিভো আলাভেসের কাছে পরাজয়ের দিনে জুড বেলিংহামের দ্বৈত রূপেরই যেন দেখা মিলল।
২-০ গোলে পিছিয়ে পড়লেও মাদ্রিদের প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিল সবাই। তবে ম্যাচের শেষ দিকের সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোই মূলত রিয়ালের ফেরার পথ কঠিন করে তোলে। বেলিংহামের দুটি হলুদ কার্ডের কোনোটিই অবশ্য প্রতিপক্ষ খেলোয়াড়ের ওপর কড়া ট্যাকল বা শারীরিক ফাউল থেকে আসেনি।
প্রথম হলুদ কার্ডটি বেলিংহাম দেখেন আলাভেসের গোলরক্ষক অ্যান্টোনিও সিভেরার সঙ্গে তর্কে জড়িয়ে। ম্যাচের গতি ও উত্তেজনার মাঝে ইব্রাহিমা কোনাতের সঙ্গ নিয়ে গোলরক্ষকের সঙ্গে সেই বাকবিতণ্ডাই তাকে রেফারির খাতায় নাম লেখায়।

তবে সবচেয়ে বড় নাটকটি জমে ম্যাচের শেষ দিকে পেনাল্টি আদায়ের আশায় ডি-বক্সের ভেতর তেমন কোনো স্পষ্ট স্পর্শ ছাড়াই পড়ে যান বেলিংহাম। শুরুতে রেফারি পেনাল্টির নির্দেশ দিলেও আলাভেসের ফুটবলারদের প্রবল প্রতিবাদের মুখে ভিএআর যাচাই করতে বাধ্য হন।
মনিটরে রিপ্লে দেখে স্পষ্ট হয়, এটি ছিল সিমুলেশন বা ডাইভ। এরপরই সিদ্ধান্ত বদলে পেনাল্টি বাতিল করেন রেফারি এবং ডাইভের অপরাধে বেলিংহামকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ডের মাধ্যমে মাঠ ছাড়ার নির্দেশ দেন।
ম্যাচের শেষ মুহূর্তে মোড় ঘুড়ানোর যতটুকু সম্ভাবনা ছিল তাও বেলিংহামের বিদায়ে অনেকটা অবাস্তব হয়ে যায়। ম্যাচজুড়ে ৭৪ শতাংশ বল দখল এবং ২৪টি শট নিয়েও শেষ পর্যন্ত আলাভেসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি রিয়াল।

একই ম্যাচে অ্যাসিস্ট, তর্ক, ডাইভের বিতর্ক আর লাল কার্ড। সব মিলিয়ে বার্নাব্যুর রাতটি বেলিংহামের জন্য হয়ে রইল তিক্ত এক অভিজ্ঞতা, আর রিয়ালের জন্য হতাশার এক হার।











