সংকটের অন্ধকারে প্রদীপশিখা হয়ে জ্বলতেন তিনি

বাইশ গজের ঝড়ঝাপ্টায় যখন অন্যরা দিশেহারা, তখনও তার ঠোঁটের কোণে লেগে থাকত এক অদ্ভুত প্রশান্ত হাসি, যেন পুরো ম্যাচের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার মতো অলিখিত প্রতিশ্রুতি লুকিয়ে থাকত সেই হাসিতে।

ড্রেসিংরুমের চাপা উত্তেজনা আর বাইরের কোলাহল। সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে যিনি নি:শব্দে নিজের কাজটা করে গিয়েছেন, তিনিই ইউনুস খান। বাইশ গজের ঝড়ঝাপ্টায় যখন অন্যরা দিশেহারা, তখনও তাঁর ঠোঁটের কোণে লেগে থাকত এক অদ্ভুত প্রশান্ত হাসি, যেন পুরো ম্যাচের ভার নিজের কাঁধে তুলে নেওয়ার মতো অলিখিত প্রতিশ্রুতি লুকিয়ে থাকত সেই হাসিতে।

পেশোয়ারের পাঠান মাটিতে জন্ম নেওয়া এই ব্যাটারের কৈশোর কেটেছে স্বপ্ন আর সংগ্রামের মিশেলে। শুরুর দিকে সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফের সান্নিধ্য তাঁর ব্যাটিংয়ের ভিত শক্ত করেছিল। পরবর্তীতে দুজনেই জাতীয় দলের জার্সিতে একসাথে লড়েছেন।

২০০০ সালে অভিষেক টেস্টে শতকের স্বাদ পেলেও তিন নম্বরে নিজের জায়গা পাকা করতে সময় লেগেছিল প্রায় চার বছর। একবার থিতু হওয়ার পর প্রতিপক্ষের বোলারদের জন্য তিনি হয়ে ওঠেন এক ভয়ঙ্কর নাম। বিশেষ করে ভারতের বিপক্ষে তাঁর পরিসংখ্যান চোখ কপালে তোলার মতো। এক ডাবল সেঞ্চুরিসহ চারটি সেঞ্চুরিতে ব্যাটিং গড় প্রায় নব্বইয়ের কাছাকাছি।

নানা বিতর্ক ও অস্থিরতার ভেতর দাঁড়িয়ে ২০০৯ সালে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে ইমরান খানের পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে বিশ্বসেরার স্বাদ দেন ইউনুস। সেই সাফল্যের চার মাস আগেই করাচিতে শ্রীলঙ্কার বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করে পাকিস্তানের তৃতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান বনে গিয়েছিলেন।

ক্যারিয়ারের পথচলায় কাঁটাও কম বিছানো ছিল না। ২০১০ সালের মার্চে দলীয় অন্তর্কলহের জেরে পিসিবির নিষেধাজ্ঞায় পড়লেও এক বছরের কম সময়ে ফিরে আসেন স্বমহিমায়। ২০১৪ সালে ছিলেন ক্যারিয়ারের সেরা ছন্দে।

টানা পাঁচ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে বনে যান দেশের হয়ে সর্বোচ্চ শতকের মালিক। যদিও আধুনিক ওয়ানডের বদলে যাওয়া গতির সাথে খুব একটা মানিয়ে নিতে পারেননি। সাত হাজারের বেশি রান করলেও ২০১৫ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন। সে বছর নভেম্বরে ফিরে একটি ম্যাচ খেলেই পঞ্চাশ ওভারের ক্রিকেটকে বিদায় জানান।

এরপর পুরোটা সময় কেবল সাদা পোশাকের জন্যই তোলা ছিল। পালেকেল্লেতে রেকর্ড রান তাড়ায় অপরাজিত ১৭১ রানের ইনিংস হোক কিংবা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে পাকিস্তানকে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে তোলা! সবখানেই ছিল তাঁর দায়িত্ববোধের ছাপ।

জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে শেষ টেস্ট সিরিজে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়ে এক বর্ণিল অধ্যায়ের ইতি টানেন তিনি। ২০০৭ সালে ডার্বি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইয়র্কশায়ারের হয়ে স্লো-ওভার রেটের শাস্তি বাঁচাতে বল হাতে মাত্র ৩৫ সেকেন্ডে এক ওভার শেষ করার মতো ব্যতিক্রমী কীর্তিও গড়েছিলেন।

সব ঝড়ঝাপটা থেমে যাওয়ার পরও রয়ে যায় এক নীরব মহাকাব্যের অনুরণন। ইউনুস খান যেন পাহাড়ের গায়ে খোদাই করা তেমনি এক অক্ষয় শিলালিপি, সময়ের ক্ষয়ে যা মলিন হয় না, বরং আরও উজ্জ্বল হয়ে ওঠে। কালের স্রোতে রানের সংখ্যা হয়তো ছাপিয়ে যাচ্ছে অনেকেই, কিন্তু সংকটের গভীর অন্ধকারে প্রদীপশিখার মতো জ্বলে ওঠা সেই নির্ভার হাসি আর অবিচল ব্যাটিং রয়ে যাবে ক্রিকেটের কাব্যে এক চিরন্তন উপমা হয়ে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link