সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৪ ম্যাচে মাত্র এক জয়! ওল্ড ট্র্যাফোর্ডে রইতিহাসে এমন দু:সময় কবে এসেছে, তা বোধহয় মনে করাটাও অসম্ভব। ইংলিশ প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ – উভয় আসরেই টেবিলের ১৮ নম্বর স্থানে পড়ে থেকে চরম অস্তিত্ব সংকটে ম্যানচেস্টার ইউনাইটেড।
মাইকেল ক্যারিককে সরিয়ে মাউরিসিও পচেত্তিনোকে ডাগআউটে আনা হলেও বদলায়নি দৃশ্যপট। বরং নতুন কোচের অধীনেও হারের বৃত্তেই আটকে আছে দল। মাঠে একের পর এক ব্যর্থতার মাঝে খেলোয়াড়দের পারফরম্যান্স, স্কোয়াড ব্যবস্থাপনা এবং কোচিং অস্থিরতা মিলিয়ে ইউনাইটেডের এই পতনের পেছনে ফুটে উঠেছে বেশ কয়েকটি বড় কারণ।
ইউনাইটেডের বর্তমান সংকটের সবচেয়ে বড় কারণ তাদের নড়বড়ে রক্ষণভাগ। সব প্রতিযোগিতা মিলিয়ে দলটি ৩৪টি গোল হজম করেছে এবং লিগের শুরুর দিকের ম্যাচগুলোতে ক্লিন শিটের দেখা পায়নি। লিভারপুল ও ব্রেন্টফোর্ডের বিপক্ষে টানা ৪-০ গোলের হার রক্ষণাত্মক দুর্বলতাকে আরও প্রকট করেছে। সেন্টার-ব্যাকদের ভুল বোঝাবুঝি এবং রক্ষণ সামলানোর সময় ফুল-ব্যাকদের মনোযোগ হারানো প্রতিপক্ষকে সহজেই সুযোগ করে দিচ্ছে।

এই ব্যর্থতার দায় কেবল বর্তমান কোচের ওপর চাপালে পুরো চিত্র ধরা পড়ে না। দীর্ঘমেয়াদি স্কোয়াড পরিকল্পনার ঘাটতিও বড় ভূমিকা রেখেছে। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৫০ গোল হজম করার পরও গ্রীষ্মকালীন দলবদলে রক্ষণভাগে যথাযথ বিনিয়োগের অভাব দেখা গেছে।
পাশাপাশি বেঞ্জামিন সেসকোর ইনজুরিতে প্রথম পছন্দের সেন্টার-ফরোয়ার্ডের শূন্যতা তৈরি হয়েছে এবং মূল খেলোয়াড়দের চোটে স্কোয়াডের গভীরতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছ। যার ফলে ব্রায়ান এমবেউমোর মতো খেলোয়াড়কে স্বাভাবিক পজিশনের বাইরে স্ট্রাইকার হিসেবে ব্যবহার করতে হচ্ছে।
ইউনাইটেডের এই ধারাবাহিক ব্যর্থতার সবচেয়ে বড় জায়গা হলো একের পর এক ম্যানেজার বদল এবং কাউকে স্থিতিশীল হওয়ার সুযোগ না দেওয়া। ক্লাবের সর্বকালের সেরা কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ওল্ড ট্রাফোর্ডে যোগ দেওয়ার পর প্রথম তিনটি মৌসুমে কোনো ট্রফি জিততে পারেননি।

কিন্তু ধৈর্য ও স্থিতিশীলতার হাত ধরে পরবর্তীতে তিনি যা করেছেন, তা আজ ফুটবল ইতিহাসের অংশ। অথচ বর্তমান বাস্তবতায় কাউকেই গুছিয়ে নেওয়ার সময় দিচ্ছে না ক্লাব।
রুবেন আমোরিমের অধ্যায় শেষ হওয়ার পর আগের মৌসুমের ঝলক দেখে মাইকেল ক্যারিককে দীর্ঘমেয়াদি চুক্তি দেওয়ার আলোচনা চললেও এই মৌসুমের ব্যর্থতায় তাকেও বরখাস্ত করা হয় এবং নভেম্বরে দায়িত্ব নেন মাউরিসিও পচেত্তিনো। ঘনঘন কোচ বদলের ফলে দলে কোনো নির্দিষ্ট ফুটবল দর্শনই গড়ে উঠছে না, যার খেসারত দিতে হচ্ছে মাঠে।
নতুন কোচ হিসেবে পচেত্তিনো দায়িত্ব নিলেও ড্রেসিংরুমের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং ছন্নছাড়া দলকে একটি সুশৃঙ্খল কাঠামোয় দাঁড় করানো তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এই অস্থিরতা ও ব্যর্থতার বৃত্ত ভাঙতে না পারলে এই মৌসুমই হতে পারে ম্যানচেস্টার শহরের লাল অংশের সবচেয়ে কালো অধ্যায়।












