লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে ভর করে ২০২৬ বিশ্বকাপে শুভসূচনা করল আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় দুই দল। ম্যাচের অষ্টম মিনিটে ফারিস চাইবি গোল করলেও তা ভিএআর চেক শেষে বাতিল হয়।
তবে ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটে ম্যাচের দৃশ্যপট পাল্টে দেন মেসি। রদ্রিগো ডি পলের কাছ থেকে পাওয়া পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফুটবলের এই জাদুকর।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় মেসিবাহিনী। ম্যাচের ৬০তম মিনিটে মেসিবল জাদুতে ব্যবধান দ্বিগুণ হয়। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের নেওয়া দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান ঠিকঠাকভাবে ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন মেসি।
আর ম্যাচের ৭৫ তম মিনিটে নিকো গনজালেজের অ্যাসিস্টে সেন্টার অব দ্য বক্স থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। নিজের খেলা ৬ষ্ঠ বিশ্বকাপে এসে প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক পেলেন তিনি।
৩-০ ব্যবধানে এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে এক দুর্দান্ত বার্তা দিল। দলের সম্মিলিত প্রচেষ্টা এবং ছন্দময় ফুটবল প্রমাণ করে যে, এবারের আসরেও তারা শিরোপার অন্যতম প্রধান দাবিদার।












