‘চ্যানেল বোলিং’, শন টেইটের নয়া মিশন

একের পর এক বলে উইকেট ভাঙছেন পেসাররা। দেখে মনে হতেই পারে এ যেন উইকেট ভাঙার উৎসব। না, শুধু উইকেট উপড়ে ফেলার মিশনে নামেননি তাসকিন-শরিফুলরা।

একের পর এক বলে উইকেট ভাঙছেন পেসাররা। দেখে মনে হতেই পারে এ যেন উইকেট ভাঙার উৎসব। না, শুধু উইকেট উপড়ে ফেলার মিশনে নামেননি তাসকিন-শরিফুলরা। বরং তাদের বোলিং চ্যানেল ঠিক করার মিশন হাতে নিয়েছেন পেস বোলিং কোচ শন টেইট।

সিলেটে শুরু হয়েছে বাংলাদেশের স্কিল ট্রেনিং ক্যাম্প। প্রায় প্রতিটা ডিপার্টমেন্ট ধরে ধরে খেলোয়াড়দের দূর্বলতা নিরসনের একটা প্রয়াশ। প্রাথমিকভাবে এই ক্যাম্পে গুরুত্ব পাচ্ছেন এশিয়া কাপের সম্ভাব্য স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। ক্যাম্পের প্রথম দিন পেস ডিপার্টমেন্ট নিয়ে বিশেষ অনুশীলনে নেমে পড়েছেন শন টেইট।

মিডল স্ট্যাম্প থেকে অফ স্ট্যাম্পের খানিকটা বাইরে অবধি এক আয়তকার দাগ টেনে দেওয়া। গুড লেন্থ থেকে একেবারে ইয়োর্কার অবধি ছড়িয়ে আছে সেই আয়তকার সীমারেখা। এর মধ্যেই বোলারদের বল ফেলতে হবে। উইকেটের ঠিক সামনে অর্থাৎ ইয়োর্কার জোনে রাখা আছে একটা বুটও। আঘাত করতে পারলেই মিলবে বাহবা।

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদরা বেশ কয়েকবার স্ট্যাম্পে আঘাত করেছেন। তবে স্ট্যাম্পে আঘাত করা এই ট্রেনিং সেশনের মূল বিষয় নয়। বরং খেলোয়াড়দের বোলিং চ্যানেল ঠিক করার একটা প্রচেষ্টা মাত্র। টি-টোয়েন্টি ক্রিকেটে একটু ভুলের কারণে দিতে হতে পারে বেশ বড়সর মাশুল। পেসারদের জন্যে কাজটা আরও কঠিন। বলের গতির কারণে একটু ভুলচুক হলেই বল আছড়ে পড়বে বাউন্ডারিতে।

অফ স্ট্যাম্পের ওই বিষধর চ্যানেল ধরে তাই নাহিদ রানাদের বল করা চাই। যেখান থেকে বল একটু এদিক-ওদিক নড়াচড়া করলেই মিলবে বহু মূল্যবান সব উইকেটের দেখা। অফ স্ট্যাম্পের লাইন ধরে স্রেফ বল করলেই তো হবে না। বলের লেন্থও তো ঠিক রাখা চাই। প্রয়োজনে শর্ট বল করা যেতেই পারে, কিন্তু অধিকাংশ সময়ে বলের লেন্থ যেন গুডলেন্থ থেকে সামনের দিকে থাকে- সেটাও নজরদারিতে রেখেছেন শন টেইট।

চার বোলারের সম্মিলিত দুই ওভার স্পেল শেষ হলে আবার তিনি মাঠেই বসিয়েছেন গোলটেবিল বৈঠক। সেখানে প্রতিটা বোলারের ব্যক্তিগত ত্রুটি ধরিয়ে দিয়েছেন, বলেও দিয়েছেন শুধরে নেওয়ার টোটকা। শন টেইটের এই চ্যানেল বোলিং অনুশীলন কতটুকু ফলপ্রসূ হয় তার একটা ড্রেস রিহার্সেল হতে পারে নেদারল্যান্ডস সিরিজ। আর প্রমাণের মঞ্চ হবে এশিয়া কাপ। সময়ের সেরা পেস বোলিং ইউনিটের কাছ থেকে প্রত্যাশা নিশ্চয়ই আকাশ সমান।

Share via
Copy link