২২ গজে পা রেখেই ইতিহাস ওলটপালট করলেন কনর ক্যারল।সুযোগের অপেক্ষায় ওত পেতে ছিলেন ক্রোয়েশিয়ার ২৩ বছর বয়সী এই ওপেনার। আর সুযোগটা যখন এলো, বোলারদের ওপর রীতিমতো স্টিমরোলার চালালেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি সংস্করণে পা রেখেই গড়ে ফেললেন অনন্য এক রেকর্ড।
ক্যারিয়ারের প্রথম চার ইনিংসে, কিংবা টি-টোয়েন্টি ইতিহাসের যেকোনো টানা চার ম্যাচে, সবচেয়ে বেশি রানের মালিক এখন কনর। ফরাসি ব্যাটার গুস্তাভ ম্যাককিওনের ৩৭৩ রানের রেকর্ডটিকে ভেঙে তিনি তুলে নিয়েছেন ৩৯০ রান! এমনকি স্ট্রাইকরেটটাও ২০০-র উপরে।
জার্মানির এপিস্কোপিতে আয়োজিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের আসর। ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কনরের। আর প্রথম ম্যাচেই ওপেনিংয়ে নেমে মাত্র ৩৪ বলে ৭১ রানের এক টর্নেডো ইনিংস খেলেন এই তরুণ।

তবে আসল ধামাকাটা বাকি ছিল ফিরতি ম্যাচে। ফরাসি বোলারদের সাধারণ পাড়ার বোলার বানিয়ে ৭২ বলে খেলেন ১৫০ রানের এক অতিমানবীয় অপরাজিত ইনিংস।
কনরের এই রুদ্ররূপ থেকে রেহাই পায়নি জার্সি ও সাইপ্রাসও। জার্সির বোলারদের তুলোধুনো করে মাত্র ৩১ বলে তুলে নেন ৭৪ রান। আর নিজের চতুর্থ ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে খেলেন ৫৭ বলে ৯৫ রানের আরও একটি মারকুটে ইনিংস। মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও, ততক্ষণে ক্রিকেট ইতিহাসের পাতা ওলটপালট করে দিয়েছেন তিনি।
টানা চার ম্যাচে জ্বলে ওঠার পর, পঞ্চম ম্যাচে এসে অবশেষে থামে কনরের এই জয়রথ। অস্ট্রিয়ার বিপক্ষে মাত্র পাঁচ রানেই তাকে ড্রেসিংরুমে ফিরতে হয়। তবে তাতে কী! ক্রিকেট দুনিয়ায় নিজের আগমনী বার্তা যে কতটা রাজকীয়ভাবে দেওয়া যায়, ক্রোয়েশিয়ার এই ওপেনার তা ইতিহাস লিখে প্রমাণ করে দিলেন।












