শেষটা জেতার জন্য একটা চেষ্টা করলেন আজিঙ্কা রাহানে। দলকে পথ দেখানোর দায়টা মেটানোর প্রয়াস ছিল ব্যাটে। তবে বৃথা গেল সবকিছু। ৪০ রানে দিল্লি ক্যাপিটালস হারালো রাহানের কলকাতা নাইট রাইডার্সকে।
কলকাতার প্লে-অফে যাওয়ার সম্ভাবনা মরে গেছে আগেই। দিল্লির সাথে ম্যাচে তাই কোনো সমীকরণ আর বাকি ছিল না। এবারের আসর কেকেআরের শুরু হয়েছিল খুবই বাজেভাবে। একের পর এক পরাজয়ে দিশেহারা হতে হতে রাহানের দল শেষ অবধি জয়ের রাস্তা খুঁজে পেয়ে জমিয়ে দিয়েছিল প্লে-অফের সমীকরণ। তবে রাজস্থানের জয়ে আর ভাগ্যে জোটেনি প্লে-অফের টিকিট, সাথে জোটেনি আসরের শেষ ম্যাচ জয়ের স্বাদ।
দিল্লির করা ২০৩ রানের জবাবে ফিন অ্যালেনের সাথে তাড়া করতে নামেন দলপতি রাহানে। এরপর এক পাশে দাঁড়িয়ে দেখে যেতে হয়েছে সঙ্গীদের প্যাভিলিয়নে ফিরে যাওয়ার হিড়িক। কিন্তু, রাহানে ছিলেন স্থির হয়ে।

ফিন অ্যালেন, ক্যামেরুন গ্রিনরা যখন দিল্লির বোলারদের কাছে পরাস্ত হচ্ছেন তখন অন্যপ্রান্ত থেকে বিশাল লক্ষ্য তাড়া করার জন্য মরিয়া হয়ে উঠতে দেখা যাচ্ছিল রাহানেকে। যদিও ১৪তম ওভারে যখন সাজঘরের পথ ধরতে হয় তখন জয় ছিল অনেক দূরে।
কুলদীপ যাদবের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেছেন ৩৯ বল। তাতে এবারের আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক তুলে নিয়ে শেষ পর্যন্ত থামেন ৬৩ রানে। যে ইনিংসে ছিল সমান চারটি করে চার-ছক্কার মার।
দলকে আশানুরূপ ফলাফল এনে দিতে না পারার কারণে শোনা যাচ্ছিল, কলকাতার ব্যাটন কেড়ে নেওয়া হবে রাহানের হাত থেকে। কিন্তু, প্রকৃত লড়াকু কখনো পরাজয় দেখে পিছু হটে আসে না। দিল্লির কাছে দল ৪০ রানে হারলেও রাহানে প্রমাণ করে দিলেন, একেবারে হেরে যাওয়ার আগ পর্যন্ত তিনি আশা ছাড়েন না।











