লোকেশ রাহুল যখন ব্যাট চালান, ক্রিকেট তখন শুধুই একটা খেলা থাকে না, হয়ে ওঠে শিল্প। অপার্থিব সব সৌন্দর্য যেন তাঁর ব্যাটের শব্দে মাথা নত করে। সেখানে ম্যাচের ফলাফল, পরিস্থিতি কিংবা সমীকরণ, কিছুই আর গুরুত্বপূর্ণ থাকে না। চারপাশে শুধু একটাই উপলব্ধি ঘুরে বেড়ায়, এটাই রাহুলের ক্লাস।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটা ছিল স্রেফ নিয়মরক্ষার। না ছিল কোনো চাপ, না ছিল হারানোর ভয়, না ছিল প্রাপ্তির বড় কোনো হিসাব। তবে মাঠভর্তি দর্শক ছিল, আর তাদের জন্য কিছু রেখে যাওয়ার দায়িত্বটাও ছিল। লোকেশ রাহুল সেই দায়িত্ব পালন করলেন নিজের চিরচেনা ব্যাটিং সৌন্দর্যে।

দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শুরুতেই নেমে যতটুকু আলো ছিল, সবটাই নিজের করে নিলেন তিনি। প্রতিপক্ষ দেখেছে তাঁর নির্মম আগ্রাসন, আর দর্শক দেখেছে ব্যাট হাতে এক শিল্পীর নিখুঁত আঁকিবুঁকি।
মাত্র ৩০ বলে খেলেছেন ৬০ রানের ঝলমলে ইনিংস। পাঁচটি চার আর চারটি ছক্কায় সাজানো সেই ইনিংস দিয়ে এবারের আইপিএল যাত্রার ইতি টানলেন তিনি। দিল্লির মৌসুমটা ব্যর্থতায় মোড়া হলেও, রাহুল পুরো আসরজুড়ে নিজের ব্যাটের মোহনীয়তা ধরে রেখেছিলেন দারুণভাবে।

১৪ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৫৮৫ রান। ব্যাটিং গড় প্রায় পঞ্চাশের ঘরে। ধারাবাহিকতা, সৌন্দর্য আর দায়িত্ববোধ, সব মিলিয়ে আবারও প্রমাণ করলেন কেন তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম নান্দনিক ব্যাটার। আর এই অনবদ্য মৌসুমের মাঝেই গড়ে ফেললেন নতুন এক মাইলফলক। ওপেনার হিসেবে আইপিএলে ৫০০০ রানের এলিট ক্লাবে জায়গা করে নিলেন লোকেশ রাহুল।










