বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে ব্যক্তিগত জীবনের কঠিন সিদ্ধান্তের কথা জানালেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন ইমাদ।
এবারের বিপিএলে প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনায় আসেন ইমাদ। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ১৬ রান দিয়ে তিন উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। মাঠে সাফল্যের পরপরই জীবনের এই কঠিন অধ্যায়ের কথা প্রকাশ্যে আনেন পাকিস্তানি অলরাউন্ডার।
ইমাদ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলতে থাকা মতবিরোধের কোনো সমাধান খুঁজে না পাওয়ায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেন, ‘অনেক চিন্তাভাবনার পর এবং গত কয়েক বছর ধরে চলা দ্বন্দ্বের কোনো সমাধান না পেয়ে আমরা বিচ্ছেদের আবেদন করেছি। সবাইকে অনুরোধ করছি আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাবেন। পুরনো কাপল ছবি শেয়ার করা থেকে বিরত থাকবেন এবং ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ করবেন না।’

তবে বিচ্ছেদের পরও সন্তানদের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন না ইমাদ। তিনি স্পষ্ট করে জানিয়ে লিখেছেন, ‘সন্তানদের বিষয়ে আমি তাদের বাবা হিসেবেই থাকব এবং সম্পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে তাদের দেখভাল করব। বোঝাপড়া ও সম্মানের জন্য সবাইকে ধন্যবাদ।’
অন্যদিকে, সানিয়া আশফাকও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘গভীর কষ্ট নিয়ে এই কথাগুলো লিখছি। আমার সংসার ভেঙে গেছে, আর আমার সন্তানরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা—এর মধ্যে একজন মাত্র পাঁচ মাসের শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেননি। এটি এমন কোনো গল্প নয়, যা আমি প্রকাশ করতে চেয়েছিলাম। তবে নীরবতাকে কখনো দুর্বলতা ভাবা উচিত নয়।’
তিনি আরও অভিযোগ করেন, বহু চড়াই-উতরাইয়ের মধ্যেও সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি, ‘অনেক দাম্পত্য জীবনের মতো আমাদের সম্পর্কেও জটিলতা ছিল, তবুও স্ত্রী ও মা হিসেবে আমি পরিবারটিকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি। শেষ পর্যন্ত এই বিয়ে ভাঙার পেছনে মূল কারণ ছিল তৃতীয় একজনের সম্পৃক্ততা—যার উদ্দেশ্য ছিল আমার স্বামীকে বিয়ে করা। এই বিষয়টি আগে থেকেই টালমাটাল সম্পর্কে চূড়ান্ত আঘাত হানে।’

২০১৯ সালে ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাকের বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে তিনটি সন্তান। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের সময় সানিয়ার সঙ্গে ইমাদের পরিচয়, পরের বছরই তা পরিণয় পায়। তবে ছয় বছরের মাথায় এসে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিতে হল এই দম্পতিকে।










