৬৪ দলের বিশ্বকাপ যেভাবে বদলাবে ফুটবলের অর্থনীতি

২০২৬-এর ৪৮ দলের ফরম্যাট ছোট দেশগুলোকে স্বপ্ন দেখালেও, ৬৪ দলের আয়োজন কি ফুটবলের চিরচেনা বিশেষত্বকে ম্লান করে দেবে? নাকি মাঠের লড়াই ছাড়িয়ে ফুটবল আটকে রইবে এক জটিল অর্থনৈতিক গোলকধাঁধায়?

২০৩৪ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের কথা ভাবছে ফিফা। যদি তাই হয়, তবে কেমন হবে ৬৪ দলের বিশ্বকাপের মাঠের লড়াই? তার চেয়েও বড় প্রশ্ন এর নেপথ্যের অর্থনৈতিক ও লজিস্টিক চ্যালেঞ্জগুলোর গতিপথ নির্ধারিত হবে কীভাবে?

বিশেষজ্ঞদের মতে, একক কোনো দেশে ৬৪টি দেশের ফুটবলার, কোচিং স্টাফ, বিশেষ অতিথিবৃন্দ, নীতিনির্ধারক আর লাখো সমর্থকের আবাসন নিশ্চিত করা এক পাহাড়সম চ্যালেঞ্জ। এর জন্য প্রয়োজন অগণিত বিশ্বমানের স্টেডিয়াম, হোটেল আর উন্নত পরিবহন ব্যবস্থা। ২০৩৪-এর সম্ভাব্য আয়োজক সৌদি আরবের মতো দেশেও এমন বিশাল আয়োজন অবকাঠামো ও ব্যবস্থাপনায় নজিরবিহীন চাপ তৈরি করবে।

৬৪ দলের আসরে আর্থিক ক্ষতি হওয়ার শঙ্কাও প্রবল। অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে বাছাইপর্বের বাণিজ্যিক গুরুত্ব ও জৌলুসও কমে যেতে পারে। যা সম্প্রচার স্বত্ব থেকে আঞ্চলিক কনফেডারেশনগুলোর আয় কমিয়ে দেবে। এটি ফুটবলের আর্থিক নিয়ন্ত্রণ এককভাবে ফিফার হাতে তুলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের।

তাই ফ্রান্সের মতো শীর্ষ অর্থনীতির দেশগুলো এখন লোকসানের শঙ্কা ভুগছে। এবারের বিশ্বকাপেও খেলোয়াড়দের অন্তত সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে অংশগ্রহণের খরচ ওঠানোর আলটিমেটাম দিয়েছিল ফরাসি ফুটবল ফেডারেশন।

পাশাপাশি, ৬৪ দলের বিশ্বকাপের সরাসরি প্রভাব পড়তে পারে ঘরোয়া লিগগুলোর ওপরও। ইউরোপের শীর্ষ লিগগুলো আগস্ট-মে মাসের প্রথাগত ক্যালেন্ডার অনুসরণ করে। আর জাপানের জে-লিগ বা যুক্তরাষ্ট্রের এমএলএস-এর মতো লিগগুলো ইতোমধ্যেই তাদের ক্যালেন্ডার বদলে ফেলার কথা ভাবছে।

এরপরও ৬৪ দলের আসর আয়োজনে যে দীর্ঘ সময়ের দরকার পড়বে, তা সমন্বয়ে ঘরোয়া টুর্নামেন্ট ও লিগগুলোকে বহুমাত্রিক জটিলতার মুখোমুখি হতে হবে। অন্যদিকে, নতুন পরিকল্পনার ১২৮ ম্যাচের দীর্ঘ সূচি ফুটবলারদের ঠেলে দেবে শারীরিক ও মানসিক ক্লান্তির চরম সীমায়। অতিরিক্ত খেলার চাপে মাঠের শৈল্পিক ফুটবল আদৌ অক্ষুণ্ণ থাকবে কি-না সেই প্রশ্নও তুলছেন অনেকে।

২০২৬-এর ৪৮ দলের ফরম্যাট ছোট দেশগুলোকে স্বপ্ন দেখালেও, ৬৪ দলের আয়োজন কি ফুটবলের চিরচেনা বিশেষত্বকে ম্লান করে দেবে? নাকি মাঠের লড়াই ছাড়িয়ে ফুটবল আটকে রইবে এক জটিল অর্থনৈতিক গোলকধাঁধায়? সময়ই দেবে জবাব।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link