ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ভিন্ন পন্থায় ভারত

আইপিএলের ফাইনাল আর টেস্টের প্রথম দিনের মধ্যে আছে মাত্র সাত দিন। যা অনেক বেশি চাপের হয়ে যায় জসপ্রিত বুমরাহদের জন্য।

দীর্ঘ দুই মাস ধরে হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ না হতেই টেস্ট খেলতে নামতে হবে ভারতকে। হাজার হোক, দিন শেষে ক্রিকেটাররাও মানুষ। সেজন্যই কোচ গৌতম গম্ভীর আর শুভমান গিলের হস্তক্ষেপে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিকল্প পন্থা অবলম্বন করতে চলেছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক প্যানেল।

আসছে ৩১ মে অনুষ্ঠিত হবে আইপিএলের ফাইনাল। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামতে হবে ৬ জুন। মাঝে এক সপ্তাহেরও কম সময়। এই অল্প সময়ের চাপটা পছন্দ হচ্ছে না কোচ গৌতম গম্ভীর আর অধিনায়ক শুভমান গিলের।

শোনা যাচ্ছে ভারতীয় বোর্ডের অন্দরমহলকে এই ইস্যুতে গম্ভীরের তোপও হজম করতে হয়েছে। এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কোচ অধিনায়ক এই ব্যাপারটা নিয়ে বোর্ডের ভেতরে বেশ কথাবার্তা বলেছেন।’

পরিস্থিতি সামাল দিচ্ছেন অজিত আগারকার, ভারতের প্রধান নির্বাচক। জানা গেছে, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুলদের মত সিনিয়র সদস্যদের ছাড়াই খেলতে নামবে ভারত। তাঁদের জায়গায় নামা তরুণেরা পাবেন নিজেদের জাত চেনানোর সুযোগ।

মূলত বড় মঞ্চের জন্যই সিনিয়রদের ফিট রাখার কথা ভাবছে ভারত। পাইপলাইন থেকে ডাক পেতে পারেন দেবদূত পাদ্দিকাল, আকিব নাবি, হার্শ দুবে গুরনুর ব্রার কিংবা মানাভ সুথারের মতো প্রতিভাবানরা। ফেরানো হতে পারে সরফরাজ খানকেও। সব মিলিয়ে লম্বা সময়ের আইপিএলের পর আবার পাঁচদিন ধরে নিজেদের সেরা খেলোয়াড়দের পরিশ্রম না করানোর সিদ্ধান্ততে অটুট বিসিসিআই।

বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘আফগানিস্তানকেও হারালেও টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো পয়েন্ট যোগ হবে না। এর চেয়ে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টসহ ওয়ানডেতে সেরা খেলোয়াড়দের দলে পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। এক ম্যাচে কেন বুমরাহকে রেখে ঝুঁকি বাড়াবো আমরা?’

আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। তার ওপর কিছুদিন পরে আবার ভারত মোকাবিলা করবে ইংল্যান্ডের। সেই সিরিজের আগে তাই তো গিল-বুমরাহদের বিশ্রাম দিয়ে ব্যাকআপ খেলোয়াড়দের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পাবেন নির্বাচক অজিত আগারকার।

সব ফরম্যাটে খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার ঝক্কি এড়াতেই কোচ-অধিনায়ক সিনিয়রদের ব্যাপারে আগ্রহী নন। আইপিএলের ধকল সামলে বরং সামনের ইংল্যান্ড সিরিজের জন্য সবাইকে প্রস্তুত হতে বলছে ভারতের টিম ম্যানেজমেন্ট। আর ব্যাক-আপ দলে যাদের রাখা হবে তাঁদের প্রথম শ্রেণির ক্যারিয়ারও দারুণ।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link