মেসির পথে সালাহ, নতুন সালাহর খোঁজে লিভারপুল

ফুটবল বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক মহাকাব্যিক বিদায়ের। অ্যানফিল্ডের সবুজ ঘাসে যার বাঁ-পায়ের জাদুতে গত নয়টি বছর মন্ত্রমুগ্ধ ছিল লিভারপুল সমর্থকরা, সেই মিশরীয় রাজা মোহাম্মদ সালাহ এবার নোঙর তুলছেন।

ফুটবল বিশ্ব সাক্ষী হতে যাচ্ছে এক মহাকাব্যিক বিদায়ের। অ্যানফিল্ডের সবুজ ঘাসে যার বাঁ-পায়ের জাদুতে গত নয়টি বছর মন্ত্রমুগ্ধ ছিল লিভারপুল সমর্থকরা, সেই মিশরীয় রাজা মোহাম্মদ সালাহ এবার নোঙর তুলছেন। তবে এই বিদায় কেবল একটি বিচ্ছেদ নয়, বরং লিভারপুলের আক্রমণভাগ বদলে ফেলার এক নতুন সূচনালগ্ন।

সালাহর পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বাতাসে জোর গুঞ্জন – লিওনেল মেসির সঙ্গী হতে আমেরিকান লিগ এমএলএস এ পাড়ি জমাতে পারেন তিনি। ফুটবল অনুরাগীরা স্বপ্ন দেখছেন, ইতিহাসের দুই সেরা জাদুকর যখন একই জার্সিতে মাঠ মাতাবেন, তখন তৈরি হবে এক নতুন ইতিহাস। যদিও সৌদি প্রো লিগের হাতছানিও বেশ প্রবল, তবে মেসির সাথে একই সমীকরণে সালাহর নাম আসাটা বিশ্ব ফুটবলকে এক রোমাঞ্চকর অপেক্ষায় দাঁড় করিয়ে দিয়েছে।

মোহাম্মদ সালাহর রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করা কোনো সাধারণ কাজ নয়। তবে লিভারপুল ম্যানেজমেন্ট হাত গুটিয়ে বসে নেই। তারা খুঁজে পেয়েছে এমন একজনকে, যাকে ফুটবল বোদ্ধারা ইতোমধ্যেই ‘দ্য চোজেন ওয়ান’ হিসেবে আখ্যা দিচ্ছেন। তিনি আর কেউ নন, আরবি লাইপজিগের বিস্ময় বালক ইয়ান দিওমান্দে।

মাত্র ১৯ বছর বয়সেই ইউরোপীয় ফুটবলে নিজের জাত চিনিয়েছেন এই তরুণ তুর্কি। চলতি মৌসুমে ৩১ ম্যাচে তার পা থেকে এসেছে ১৩টি গোল এবং আটটি অ্যাসিস্ট। পরিসংখ্যান হয়তো সবটুকু বলে না, তবে তার খেলার গতি এবং ড্রিবলিং শৈলী লিভারপুলের স্কাউটদের বাধ্য করেছে তাকে সালাহর যোগ্য উত্তরসূরি হিসেবে ভাবতে।

লিভারপুল কেবল একজন গোলস্কোরার খুঁজছে না, তারা খুঁজছে এমন এক দর্শন যা সালাহর শূন্যতাকে আড়াল করতে পারে। দিওমান্দের মাঝে সেই দীর্ঘমেয়াদী সম্ভাবনার ছাপ স্পষ্ট। তবে পথটা সহজ নয়। ১৯ বছর বয়সী এই আইভোরিয়ান উইঙ্গারকে পেতে ইতোমধ্যেই পিএসজির মতো জায়ান্টরা কোমর বেঁধে নেমেছে।

অ্যানফিল্ডের গ্যালারিতে যখন শেষবারের মতো সালাহর জয়গান প্রতিধ্বনিত হবে, তখন অশ্রুসিক্ত চোখেও লিভারপুল খুঁজে ফিরবে এক টুকরো আশা। দিওমান্দে কি পারবেন সেই আশার প্রদীপ হয়ে জ্বলতে?

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link