ম্যাচ বাতিলের আগে হেলমেটে লাথি মারলেন ব্যাটার

এই ভেন্যুতেই প্রতিযোগিতার ফাইনাল আয়োজনের কথা রয়েছে। তবে আয়োজকরা আশ্বস্ত করেছেন, ফাইনালের আগে একটি নিরাপদ ও প্রতিযোগিতামূলক পিচ প্রস্তুত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট বিরল এক ঘটনার সাক্ষী হল| বিপজ্জনক পিচের কারণে পরিত্যক্ত হয়ে গেল লিওয়ার্ড আইল্যান্ডস ও ত্রিনিদাদ-টোবাগোর মধ্যকার ম্যাচ। স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়াম-এ অনুষ্ঠিত এই ম্যাচটি শেষ হওয়ার আগেই থামিয়ে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। আর সেই ম্যাচ বাতিল হওয়ার আগে ঘটল বিচিত্র সব ঘটনা।

ম্যাচটি বন্ধ হওয়ার আগে দুর্দান্ত বোলিং করছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেয়ডেন সিলস। একাই তুলে নেন ৭ উইকেট, যা ম্যাচের অন্যতম আলোচিত দিক হয়ে ওঠে। তখন লিওয়ার্ড আইল্যান্ডসের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৪০ রান—আর সেই সাত উইকেটই ছিল সিলসের ঝুলিতে।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় এক ভয়ঙ্কর মুহূর্তে। সিলসের করা একটি ডেলিভারি পিচে অস্বাভাবিক বাউন্স নিয়ে আঘাত হানে ব্যাটার জেরেমিয়াহ লুইস-এর হেলমেটে। আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, খুলে যায় হেলমেটও।

কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে ক্ষোভে নিজের হেলমেট লাথি মেরে ছুড়ে ফেলেন স্কয়ার লেগের দিকে। এরপর মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং কনকাশনের শঙ্কায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাকে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এই ঘটনার পরই পিচকে ‘বিপজ্জনক’ ঘোষণা করে ম্যাচটি পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেয় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চার দিনের ম্যাচটির তৃতীয় দিন সকাল পর্যন্ত মোট ১৪৭ ওভারে ২৭ টি উইকেট পড়ে, যা পিচের অস্বাভাবিক আচরণেরই ইঙ্গিত দেয়। ত্রিনিদাদ-টোবাগোর কোচ রায়াদ এমরিট এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, আড়াই দিন ধরেই পিচে অনিয়মিত বাউন্স দেখা যাচ্ছিল। তাঁর মতে, যদি ম্যাচ বন্ধ করতেই হতো, তাহলে সেই সিদ্ধান্ত প্রথম দিনেই নেওয়া উচিত ছিল।

এই ভেন্যুতেই প্রতিযোগিতার ফাইনাল আয়োজনের কথা রয়েছে। তবে আয়োজকরা আশ্বস্ত করেছেন, ফাইনালের আগে একটি নিরাপদ ও প্রতিযোগিতামূলক পিচ প্রস্তুত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

Share via
Copy link