ডাম্বুলায় যেন হঠাৎ দেখা মিলল লাল-সবুজের প্রতাপের। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে জাফনার হয়ে ব্যাট হাতে বাংলাদেশের তাওহীদ হৃদয় আর বল হাতে সাকিব আল হাসান দাপট দেখালেন। আর তাতেই ধরাশায়ী ক্যান্ডি।
শুরুটা হয়েছিল জাফনার ব্যাটারদের তাণ্ডবের মাধ্যমে। কামিল মিশারা আর আভিশকা ফার্নান্দোর উদ্বোধনী জুটিতেই লণ্ডভণ্ড হয়ে যায় ক্যান্ডির বোলিং লাইনআপ। ১২৯ রানের সেই জুটিতে মিশারা ৭৮ আর ফার্নান্দো ৬৬ রান করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

এরপর রানের গতি ধীর হলেও, ইনিংসের শেষ বেলায় জ্বলে ওঠেন তাওহীদ হৃদয়। শাহীন শাহ আফ্রিদিদের শাসন করে ২১ বলে ৩৫ রানের এক অপরাজিত ক্যামিও খেলেন তিনি। ১৬৬ স্ট্রাইক রেটের সেই ইনিংসে ছিল দুটি চার আর একটি দৃষ্টিনন্দন ছক্কা। শেষ পর্যন্ত জাফনা ১৯৯ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় ক্যান্ডির দিকে।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় ক্যান্ডি। মোহাম্মদ শিরাজের তোপে কুশল পেরেরা ও ডেল ফিলিপস বিদায় নেন দ্রুত। এরপর বল হাতে নেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মিতব্যয়ী বোলিংয়ে ৩ ওভারে মাত্র ১৮ রানের বিনিময়ে তিনি ফেরান বিপজ্জনক মঈন আলীকে।

শেষ দিকে দুনিথ ভেল্লালাগে আর শিরাজের বোলিং তোপে ১৮.২ ওভারে ১০৬ রানেই গুটিয়ে যায় ক্যান্ডি। ক্যান্ডির লাহিরু উদারা ৫৪ রান করে পরাজয়ের ব্যবধান কমান শুধু। আর জাফনা তুলে নেয় এক দাপুটে জয়










