ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গুর শিকড় বাংলাদেশের মাটিতে!

এক দেশের জার্সিতে খেলেন, জন্ম আর বেড়ে ওঠাও অন্য এক দেশে। অথচ রক্তের টানে আমির জাঙ্গুর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা শুধু ক্রিকেটের ২২ গজে সীমাবদ্ধ নয়, তাঁর পারিবারিক শিকড়েও রয়েছে বাংলাদেশের যোগসূত্র।

এক দেশের জার্সিতে খেলেন, জন্ম আর বেড়ে ওঠাও অন্য এক দেশে। অথচ রক্তের টানে আমির জাঙ্গুর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা শুধু ক্রিকেটের ২২ গজে সীমাবদ্ধ নয়, তাঁর পারিবারিক শিকড়েও রয়েছে বাংলাদেশের যোগসূত্র।

আমির জাঙ্গুকে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা প্রথম চিনেছিলেন একটু অন্যভাবেই। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আর অভিষেকেই ব্যাট হাতে ঝড় তুলে ৮৩ বলে অপরাজিত ১০৪। প্রথম ম্যাচেই শতরান, সঙ্গে ম্যাচসেরার পুরস্কার, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আগমনী বার্তাটা এর চেয়ে জোরালোভাবে আর কীভাবেই বা দেওয়া যায়!

কিন্তু আমিরের গল্পে বাংলাদেশের নামটা শুধু সেই অভিষেক ম্যাচের কারণে নয়। তাঁর পারিবারিক শিকড়ের একটি অংশও বাংলাদেশের সঙ্গে যুক্ত, তাঁর মা বাংলাদেশি বংশোদ্ভূত। অর্থাৎ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদে বেড়ে ওঠা এই ক্রিকেটারের জীবনের গল্পে কোথাও না কোথাও মিশে আছে বাংলাদেশের মাটির গন্ধ।

ভাবুন তো, যে দেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম অধ্যায় শুরু, সেই দেশের সঙ্গেই আবার রক্তের সম্পর্ক! ক্রিকেটের মঞ্চে হয়তো তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন, কিন্তু পারিবারিক পরিচয়ের জায়গায় বাংলাদেশের সঙ্গে তাঁর বন্ধনটা আরও গভীর। একদিকে ক্যারিবিয়ান ক্রিকেট, অন্যদিকে বাংলাদেশের শিকড়, দুটি ভিন্ন ভূগোল যেন এসে মিলেছে একজন আমির জাঙ্গুর গল্পে।

ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল তাঁর নেশা। ত্রিনিদাদে বাবার গলি ক্রিকেট দেখেই ব্যাট-বলের প্রেমে পড়েন আমির। এরপর বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে ২০১৫ সালের ১৬ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক। ধীরে ধীরে এগিয়েছেন ঘরোয়া ক্রিকেটে, খেলেছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে, জায়গা করে নিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও। আন্তর্জাতিক দলে পৌঁছাতে তাঁকে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক দশক।

অবশেষে সেই অপেক্ষার অবসান বাংলাদেশের বিপক্ষেই। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে প্রথমবার মাঠে নামেন আমির। আর প্রথম ম্যাচেই ১০৪ রানের অপরাজিত ইনিংস। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের তালিকায় তিনি দ্বিতীয়।

সেই শুরুটা যে কেবল হঠাৎ পাওয়া কোনো ঝলক ছিল না, সেটিও এখন পরিষ্কার। ভারতের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডেতেও শতরান করেছেন আমির। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গাটা ধীরে ধীরে শক্ত করছেন এই ব্যাটার।

তবে রান, শতরান কিংবা রেকর্ডের বাইরেও আমির জাঙ্গুর গল্পটা বাংলাদেশের জন্য আলাদা। কারণ ক্রিকেটের মাঠে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়লেও, তাঁর পারিবারিক গল্পের একটি অধ্যায় লেখা বাংলাদেশের নামেই।

Share via
Copy link