জোড়া গোলের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়ার মাঠ কাঁপালেন ম্যাথিউস কুনহা। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ইগর থিয়াগোর গোল মিসের খেসারত দিয়ে ড্রয়ের যে যন্ত্রণা ব্রাজিল ভোগ করেছিল, আজকের হাইতির বিপক্ষে কুনহা সেই হাহাকার এক নিমিষেই মুছে দিলেন।
ম্যাচের ২৩তম মিনিটে কুনহার পায়ের জাদুতে প্রথমবারের মতো কেঁপে উঠে হাইতির জাল। ডি-বক্সের একদম কেন্দ্রস্থল থেকে তার বাম পায়ের তীব্র শট কোনো সুযোগই দেয়নি প্রতিপক্ষকে।
এর ঠিক কয়েক মিনিট পরেই ম্যাচের ৩৬তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে আসা একটি নিঁখুত পাস থেকে কুনহা তাঁর দ্বিতীয় গোলটি করেন। বলটিকে জালে জড়াতে তিনি বেছে নিয়েছিলেন প্রতিপক্ষের পোস্টের উপরের বাম কোণা, যা ছিল এক অসামান্য লক্ষ্যভেদ।

মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করার পর ব্রাজিলের জন্য এই জয়ের প্রয়োজনীয়তা ছিল অপরিসীম। হাইতির বিপক্ষে এই ম্যাচে কোচ আনচেলত্তি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন।
শুরুর একাদশে তিনি ইগর থিয়াগোর পরিবর্তে আস্থা রেখেছিলেন কুনহার ওপর। আর সেই আস্থার প্রতিদান যেন দিলেন মাঠেই। নিজের প্রথম বিশ্বকাপ গোল দুটো তুলে নিলেন ঠিক যখন দলের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।
হেক্সা মিশনের সোনালী ট্রফিটা যদি শেষ পর্যন্ত রিওতে নিতে হয়, তবে ব্রাজিলের আক্রমণভাগের মূল চাবিকাঠি এখন কুনহার হাতেই। আজকের এই পারফরম্যান্স কেবল এক ঝলক স্বস্তি। শিরোপার চূড়ান্ত লড়াইয়ে টিকে থাকতে হলে পরের প্রতিটি ম্যাচে কুনহাকে আজকের মতোই জ্বলে উঠতে হবে।












