প্রথম গোলের দেখা পেতে পর্তুগালের সময় লাগল মাত্র ছয় মিনিট। জোয়াও নেভেসের মাথার নিখুঁত কাজ, তাতেই ডিআর কঙ্গোর জাল কাঁপিয়ে দিল পর্তুগাল।
পর্তুগাল এই ম্যাচে দাপট দেখাবে, তা তো জানা কথাই। র্যাঙ্কিংয়ে ৪১ নম্বর পিছিয়ে থাকা দল কতটুকুই বা রুখতে পারবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে? অবশ্য বিশ্বকাপে যেসব অঘটন ঘটছে, তাতে একটা শঙ্কা তো থাকেই।

তবে সেই শঙ্কা মাত্র ছয় মিনিটের মাথায় উড়িয়ে দিলেন নেভেস। পেড্রো নেতোর বানানো বল থেকে হেডেই জাল খুঁজে নেন। বিশ্বকাপের মঞ্চে নিজের প্রথম গোলটা বুঝে নেন তিনি। আর পর্তুগালের জার্সিতে সংখ্যাটা এখন চার।
বাঁশি বাজার শুরু থেকেই অবশ্য কঙ্গোর রক্ষণভাগেই দাপিয়ে বেড়িয়েছে পর্তুগাল। চেপে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই করেছেন রোনালদোরা। তাই তো ফলাফল আসতেও খুব বেশি সময় লাগেনি। সুযোগ পেয়েও নেভেসও দেখিয়েছেন নিজের সক্ষমতা কতখানি।











