জাতীয় দলের ড্রেসিংরুমের চেনা আবহ ছেড়ে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্ব নিয়েছিলেন বেশি দিন হয়নি। তবে দেশের ক্রিকেটের ক্রান্তিলগ্নে আবারও জাতীয় দলে ফিরলেন মোহাম্মদ সালাহউদ্দিন। আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সিরিজের ঠিক আগে টাইগারদের ডেরায় পুনর্বাসন ঘটল দেশীয় এই মাস্টারমাইন্ডের।
আচমকাই পেস বোলিং কোচ শন টেইট পারিবারিক কারণে নিজের পদ থেকে ইস্তফা দেন। দলের ব্যাকরুম স্টাফদের সেই শূন্যতা এবং আসন্ন কঠিন চ্যালেঞ্জের মুখে আর তাই তো দ্বিতীয় কিছু ভাবেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে অস্ট্রেলিয়া বধের মিশন আর জিম্বাবুয়ে সফরের বৈতরণী পার হতে সালাহউদ্দিনকেই ভরসা মানা হচ্ছে।

টেইটকে হারানো বিসিবির কাছে সালাহউদ্দিন যেন আশার আলো হয়ে এসে উপস্থিত হয়েছেন বিপদের সময়ে। দেশের মাঠের চেনা উইকেটে ক্যাঙ্গারুদের বিপক্ষে রণপরিকল্পনা সাজানো কিংবা জিম্বাবুয়ের অচেনা কন্ডিশনে খেলোয়াড়দের সঠিক প্রস্তুতি দিতেই এইচপি ছেড়ে প্রত্যাবর্তন ঘটলো সালাহউদ্দিনের।
নয় তারিখ থেকে অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর কিছুদিন পরে এই মাসের শেষে জিম্বাবুয়ের মাঠে লড়াই। তাই তো অল্প সময়ে জোড়া প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে সালাহউদ্দিনের অন্তর্ভুক্তি টাইগার শিবিরে এনে দিয়েছে স্বস্তির সুবাতাস।

জাতীয় দলের জন্য তরুণ ক্রিকেটারদের তৈরি করবেন বলে কিছুদিন আগে এইচপি দলের দায়িত্ব নিয়েছিলেন। সেই কাজ বাকি রেখেই আবার ফিরে আসতে হলো নাজমুল হোসেন শান্ত-লিটন দাসদেরকে রেখে রাখার জন্যে। জাতীয় দলে সালাহউদ্দিনের এই প্রত্যাবর্তন কেমন ফলাফল নিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়।









