ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) ডাক এলো সাকিব আল হাসানের, সঙ্গী হিসেবে পেলেন তাসকিন আহমেদকে। ঝড় তোলার জন্য মরুর বুকে মঞ্চটা এবার প্রস্তুত। অপেক্ষা কেবল ছাড়পত্রের। সেটা নিয়েও যে আছে বড় সংশয়!
দুবাইয়ে বেশ ঘটা করেই অনুষ্ঠিত হচ্ছে আইএলটি-টোয়েন্টির নিলাম। যেখানে নাম লিখিয়েছিলেন সাকিব-তাসকিনরা। তবে প্রথম ডাকে সাড়া মেলেনি কারোরই। তাঁদের নেওয়ার জন্য আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশি ভক্তদের জন্য একপ্রকার হতাশা কাজ করছিল তখন। অনেকে তাকিয়ে ছিলেন শেষ পর্যন্ত কী হয়! অবশেষে অপেক্ষার প্রহর ফুরালো। দ্বিতীয় ডাকে দল পেলেন সাকিব-তাসকিনরা। সাকিবের নাম উঠল এম আই এমিরেটস-এর খাতায়। ৪০,০০০ ডলারে দলে নেওয়া হলো তাঁকে। অন্যদিকে তাসকিনকে ৮০,০০০ ডলারে দলে নিল শারজাহ ওয়ারিয়র্স।

সাকিব আল হাসান আপাতত বনে গেছেন টি-টোয়েন্টির ফেরিওয়ালা। আন্তর্জাতিক ক্রিকেটে না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছেন ছোট-বড় সব ফ্র্যাঞ্চাইজি লিগ। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। এবার আরও এক লিগের দরজা উন্মুক্ত হলো তাঁর সামনে।
তাসকিন আহমেদের জন্য অবশ্য ডাক পাওয়া নতুন কিছু নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পেলেও এনওসি জটিলতায় যাওয়া হয়ে ওঠেনি। এবার আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। তবে ছাড়পত্র মিলবে কি না এটাই বড় প্রশ্ন!
বিপত্তির জায়গাটা, এই লিগ মাঠে যখন গড়াবে তখন দেশের ক্রিকেটে চলবে বিপিএলের ব্যস্ততা। সাকিবের যদিও খুব বেশি সমস্যায় পড়ার কথা নয় তবে তাসকিনের সামনে যে উপস্থিত হলো আরও এক বাধা। এবারও কি আরেকটা ফ্র্যাঞ্চাইজি খেলার হাতছানি এড়িয়ে যেতে হবে তাঁকে?










