ক্রিকেটবিশ্বে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি লিগ। দ্য হান্ড্রেড, টি-টেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশের মতো অসংখ্য ফ্র্যাঞ্চাইজি ইভেন্ট বছরজুড়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়াচ্ছে তুমুল রোমাঞ্চ। তবে ব্যাপক পরিসরে আয়োজিত হওয়া এই ইভেন্টগুলোর সূচি নির্ধারণ কিংবা খেলোয়াড় নিলামের মতো ইস্যুতে নানা বিশৃঙ্খলা দেখা দেয় অনেক সময়। প্রশ্ন ছিল, এই বিশৃঙ্খল জোয়ারের লাগাম টানবে কে? উত্তরটা, তামিম ইকবাল।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনতে মূলত ‘ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর এই কমিটির চেয়ারম্যান হিসেবেই বেছে নেওয়া হয়েছে তামিমকে। নীতিনির্ধারণী এই প্যানেলের প্রধান হিসেবে এখন থেকে বিশ্ব ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজিগুলোর গতিপথ ঠিক করবেন সাবেক এই বাংলাদেশি ওপেনার।

তার এই যাত্রায় সঙ্গী হচ্ছেন বিশ্ব ক্রিকেটের দাপুটে সব ব্যক্তিত্ব। বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া কিংবা নামিবিয়ার রুডি ফন ফুরেন থেকে শুরু করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ক্রিকেট নীতিনির্ধারকেরা থাকছেন এই কমিটিতে।
গেল কয়েক মাসে দেশের ক্রিকেট বোর্ড পার করেছে চরম এক টালমাটাল সময়। বিসিবির অভ্যন্তরীণ সেই অস্থিরতা ছাপিয়ে আন্তর্জাতিক মঞ্চে এমন প্রাপ্তি বড় এক ইঙ্গিতই বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আরও পেশাদার করে তুলতে তামিম কতটা সফল হন, সেদিকেই এখন নজর গোটা ক্রিকেট বিশ্বের। বিসিবি প্রধানের এই নতুন দায়িত্ব শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, পরিগণিত হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে বাংলাদেশের প্রশাসনিক অগ্রযাত্রার এক নতুন মাইলফলক হিসেবেও।









