মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এলিমিনেটরে রুদ্ধশ্বাস এক ম্যাচে ওয়াশিংটন ফ্রিডমের কাছে হার। ফলাফল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের এমআই নিউইয়র্ক। ২৬৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস গড়ে আট বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়াশিংটন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে এমআই নিউইয়র্কের হয়ে ঝড়ো শুরু করেন কুইন্টন ডি কক। ২৪ বলে ৫১ রান করার পর নিকোলাস পুরান ও কাইরেন পোলার্ড দ্বিতীয় উইকেটে মাত্র ৪৮ বলে ১১৮ রানের জুটি গড়েন।
পুরান ৩১ বলে সেঞ্চুরি করে এমএলসির দ্রুততম শতকের রেকর্ড গড়েন। পোলার্ড ২৫ বলে ৬৪ রান করেন। শেষদিকে ট্রেন্ট বোল্টের ১০ বলে ২২ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ২৬৬ রান তোলে নিউইয়র্ক।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদ, জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। ইনিংসের তৃতীয় বলেই মিশেল ওয়েনকে বোল্ড করার পর নিজের দ্বিতীয় ওভারে রাচিন রবীন্দ্রকেও ফেরান তিনি। মাত্র ১০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়াশিংটন।
তবে এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন স্টিভেন স্মিথ ও অ্যান্ড্রিয়াস গাউস। তৃতীয় উইকেটে ৮৯ বলে ২৪১ রানের জুটি গড়ে অবিশ্বাস্য কামব্যাকের নজীর গড়েন। স্মিথ ৪৮ বলে ১১০ রান করেন, আর গাউস ৫১ বলে ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন। আট বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় ওয়াশিংকটন।
সাকিব ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার হলেও অন্য বোলাররা প্রতিপক্ষকে চাপে রাখতে পারেননি। এই হারের মধ্য দিয়ে এবারের এমএলসি অভিযান শেষ হলো এমআই নিউইয়র্কের। টুর্নামেন্টে তারা চতুর্থ স্থান নিয়ে বিদায় নিল।

২৬৭ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সফল রান তাড়ার নতুন বিশ্বরেকর্ড গড়েছে ওয়াশিংটন ফ্রিডম। এর আগে ২৬৫ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল পাঞ্জাব কিংসের। ম্যাচে দুই দল মিলিয়ে ওঠে ৪৫৩ রান, যা এমএলসির অন্যতম স্মরণীয় ম্যাচ হিসেবে জায়গা করে নিল।










