ম্যারাডোনার মৃত্যু রহস্য উদঘাটিত হবে কবে

সারাজীবন ফুটবল মাঠে দিয়েগো যেমন রোমাঞ্চ ছড়িয়ে গেছেন, তার মৃত্যুর মামলাও যেন একইভাবে রোমাঞ্চ ছড়িয়ে যাচ্ছে এখনও। ফুটবল বিধাতাই ভালো জানেন, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদঘাটিত হবে কবে।

ডিয়েগো ম্যারাডোনা নামের জাদুকর যখনই নামতেন, তখনই হয়ে উঠতেন বুনো আর অশান্ত। অদ্ভুতভাবে, তার মৃত্যু নিয়ে চলমান বিচার কার্যক্রমও হয়ে উঠছে ঠিক ততটাই উত্তাল।

২০২০ সালে ম্যারাডোনা পরলোকগমন করেন। হার্ট ফেইলিওর আর ফুসফুসের জটিলতায় এই কিংবদন্তির মৃত্যু হয়। তবে অভিযোগ ওঠে তার ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকের চরম অবহেলার কারণেই ১৯৮৬-এর বিশ্বকাপজয়ী তারকার এই পরিণতি।

পরে বিষয়টি গড়ায় আদালতে। চলতি আগস্টে মামলাটি শেষ হওয়ার কথা থাকলেও, ২৫টি শুনানিতে ৭০ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যপ্রমাণ এবং আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের প্রেক্ষিতে বিচারকার্য কবে চূড়ান্ত হবে তা অনিশ্চিত হয়ে পড়েছে।

এ দিকে, আইনি লড়াইয়ে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আচরণও রীতিমতো বিস্ময়কর হয়ে ওঠে। তারা কখনো একে অপরকে ডিকশনারি পড়ার পরামর্শ দেন, কখনো বলেন প্রাথমিক বিদ্যালয়ে ফিরে যেতে।

আবার, শুনানির সময় বারবার প্রধান অভিযুক্তের হস্তক্ষেপের বিষয়টিও বিচারকার্যকে এক রকম বিদ্রুপে পরিণত করে। এমনকি লুকে আইনজীবীদের সহায়তায় আদালতকক্ষে ম্যারাডোনার ময়নাতদন্তের কিছু দৃশ্যও দেখান। যা দেখে ম্যারাডোনার কন্যা কাঁদতে কাঁদতে সেখান হতে বেরিয়ে যান।

তবে এই উত্তপ্ত আবহেও আছে কিছু বিচিত্র মুহূর্ত। তিক্ততা কমাতে লুকের আইনজীবী আদালতে নিয়ে আসেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মিষ্টি ‘আলফাজোর’ কিংবা পনিরের রোল। বাদীপক্ষের আইনজীবী আবার বেলগ্রানো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি করা ম্যারাডোনার বাড়ির মিনিয়েচার নিয়ে আসেন আদালতে।

সবচেয়ে বড় চমকটি ছিল খোদ এক বিচারকের বিরুদ্ধে। গোপন তথ্য ফাঁস হয় যে তিনি এই মামলা নিয়ে তথ্যচিত্রে অংশ নেওয়ায় নতুন করে শুরু করতে হয়েছে সবকিছু।

৭০ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হলেও, এই বিচার কবে শেষ হবে তার কোনো নিশ্চয়তা নেই। সারাজীবন ফুটবল মাঠে দিয়েগো যেমন রোমাঞ্চ ছড়িয়ে গেছেন, তার মৃত্যুর মামলাও যেন একইভাবে রোমাঞ্চ ছড়িয়ে যাচ্ছে এখনও। ফুটবল বিধাতাই ভালো জানেন, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদঘাটিত হবে কবে।

লেখক পরিচিতি

সাব এডিটর

Share via
Copy link