ফিনিশার মাহমুদউল্লাহ রিয়াদ অতীত স্মৃতিতে নেই কেবল। এখন তিনি নতুন অধ্যায় রচনার পথে আছেন। নিজের নতুন গন্তব্য ঠিক করে ফেলেছেন তিনি। এখান থেকেই শুরু হতে যাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদ ২.০।
জাতীয় দলের লাইমলাইটের আড়ালে থাকা রিয়াদ এখন মাঠে নামছেন আরও বিচিত্রভাবে। সম্প্রতি লন্ডনের ডিস্ট্রিক্ট কাপে যশোর ইউনাইটেডের হয়ে কয়েক দিন খেলেছেন মাহমুদউল্লাহ। সেখানে একই দলে ছিলেন দেশের সাবেক তারকা মোহাম্মদ আশরাফুল। এটুকু শুনলে তাঁকে খ্যাপ ক্রিকেটার ভাবা যেতে পারে। তবে, রিয়াদ এখন অনেকগুলো চরিত্রের সম্মিলন।
নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আটালান্টা ফায়ারের হয়ে তিনি মাঠে নামবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে। রিয়াদ এবারই প্রথম তার সতীর্থ সাকিব আল হাসানের সঙ্গে একই দলে খেলবেন। আগামী ৭ থেকে ১২ অক্টোবর চলবে এই প্রতিযোগিতা, যেখানে দুই অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশি ব্যাটিং কৌশলের স্বাক্ষর রাখবেন।

আমেরিকা যাওয়ার আগে খেলবেন এনসিএল টি-টোয়েন্টি। যুক্তরাষ্ট্র বা ঘরোয়া মঞ্চ—মাহমুদউল্লাহকে মাঠের বাইরে রাখার মানেই নেই। ঘরোয়া ক্রিকেটে মনোযোগী এই ব্যাটসম্যান নেটে ঘাম ঝরাচ্ছেন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগামী মৌসুমে খেলবেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে, যেখানে গেল মৌসুমে ছিলেন মোহামেডানে। তার লক্ষ্য স্পষ্ট—ঘরোয়া মঞ্চে ধারাবাহিকতা বজায় রাখা, দেশের ক্রিকেটে প্রাসঙ্গিক থাকা।
শুধু ব্যাট হাতে নয়, ব্যাটিং শেখানোর ক্ষেত্রেও মাহমুদউল্লাহর নতুন পরিচয়ের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। অস্ট্রেলিয়ার পরিচিত কোচ অ্যাশলে রসকে নিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্থানীয় দেশি কোচদের প্রশিক্ষণের জন্য। সেই প্রশিক্ষণে থাকবেন রিয়াদ।

দীর্ঘদিন ধরে খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নে কাজ করা রস, আগামী ১০ সেপ্টেম্বর মিরপুর স্টেডিয়ামে তিন দিনব্যাপী ‘রান স্কোরিং ওয়ার্কশপ’ পরিচালনা করবেন। সেখানে তুষার ইমরান, রাজিন সালেহ, হাবিবুল বাশার সুমন কিংবা হান্নান সরকারদের সাথে থাকবেন রিয়াদও।
এভাবে মাঠের ক্রিকেট ও কোচিং — দুই মঞ্চেই ব্যস্ত রিয়াদ, যেন ব্যাটিং এবং ক্রিকেট শিক্ষার মধ্য দিয়ে নিজের ক্রিকেট জীবনকে নতুন অধ্যায়ে নিয়ে যাচ্ছেন। ঘরোয়া লিগ, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, অপেশাদার খ্যাপ ক্রিকেট, কিংবা কোচিং ভবিষ্যৎ —সব মিলিয়ে রিয়াদ এখন খুবই ব্যস্ত।










