রেকর্ড! স্রেফ ১৩ বলে হাফ সেঞ্চুরি। তাও আবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সহযোগী দেশের প্রতিনিধি হিসেবে। বিরল এই দৃষ্টান্ত স্থাপন করেছেন নামিবিয়ার ইয়ান ফ্রাইলিঙ্ক। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি গড়েছেন এই রেকর্ড। এর আগে এমন ঘটনার নজির নেই বিশ্ব ক্রিকেটের মঞ্চে।
তবে হ্যা, ১২ বলে ফিফটি করার রেকর্ড অবশ্যই রয়েছে। কিন্তু যুবরাজ সিংয়ের সেই রেকর্ড গড়ার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ভারত ও ইংল্যান্ডের মধ্যে, দুই দেশই টেস্ট খেলুড়ে। দুই সহযোগী দেশের মোকাবেলায় ৯ বলে ফিফটির রেকর্ড রয়েছে বটে। নেপালের দীপেন্দ্র সিং আইয়ার মঙ্গোলিয়ার বিপক্ষে গড়েছিলেন সেই রেকর্ড। এ কারণে ফ্রাইলিঙ্কের রেকর্ড অনন্য।
ইয়ান ফ্রাইলিঙ্ক জিম্বাবুয়ের বিপক্ষে ধুন্ধুমার ব্যাটিং প্রদর্শনীয় পসরা সাজিয়ে বসেন। ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজরাবানির মত বোলারদের মোকাবেলা করেন ফ্রাইলিঙ্ক। ইনিংসের চতুর্থ ওভারেই তিনি পৌঁছে যান পঞ্চাশ রানের মাইলফলকে। ট্রেভর গোয়ান্ডুর বলে ছক্কা হাঁকিয়ে রেকর্ড বইয়ে নিজের নাম তোলেন ফ্রাইলিঙ্ক।

মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরির এই যাত্রায় তিনি সাতটি চার ও চারটি ছক্কা হাঁকিয়েছেন। নিজের রেকর্ড গড়া দিনে অবশ্য সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে পাওয়ার প্লে শেষে একটু স্লথ হয়ে যায় তার রান তোলার গতি।
শেষ অবধি তাকে থামতে হয়েছে ৩১ বলে ৭৭ রানে। সিকান্দার রাজার উইকেটে পরিণত হয়েছেন তিনি। ফ্রাইলিঙ্কের অনবদ্য ব্যাটিং নৈপুন্যে দিনে তাকে আটকে রাখা বেশ কষ্টসাধ্য ছিল জিম্বাবুয়ের জন্যে। তবে শেষ অবধি জিম্বাবুয়ের ভরসার স্তম্ভ সিকান্দার রাজা হাত বাড়িয়ে দিলেন।
ফ্রাইলিঙ্কের রেকর্ড গড়া দিনটির উজ্জ্বলতায় বাঁধা হয়ে দাঁড়ালেন রাজা। তবে এতে অবশ্য খুব বেশি ক্ষতি হওয়ার কথা নয়। ইতিহাসের বুকে ১৩ বলেই স্থান করে নিয়েছেন ইয়ান ফ্রাইলিঙ্ক। অনন্য এই রেকর্ড লম্বা সময়ের জন্যে থেকে যাবে অক্ষত।












