খাল কেটে বাঘ আনল শ্রীলঙ্কা, মাথায় এখন দুশ্চিন্তা

খাল কেটে কুমির আনা বাংলা প্রবাদের জলজ্যান্ত উদাহরণ যেন শ্রীলঙ্কা। আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে আসা তাদের জন্যে পরিণত হল নিজের পায়ে কুড়াল মা/রায়।

সহজ কাজটায় একটু রোমাঞ্চ যুক্ত না করলে কি আর হয়? তাইতো শেষ ওভারে বাংলাদেশ শ্রীলঙ্কাকে একটু জয়ের সুবাতাসের স্পর্শ দিতে চাইল। এক রানের দূরত্বে ম্যাচ জমে ক্ষীর। খাল কেটে কুমির আনা বাংলা প্রবাদের জলজ্যান্ত উদাহরণ যেন শ্রীলঙ্কা। আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে আসা তাদের জন্যে পরিণত হল নিজের পায়ে কুড়াল মারায়। সুপার ফোরের প্রথম ম্যাচে যে সেই বাঘ দিল তাদের পরাজয়ের তিক্ত স্বাদ।

সুপার ফোরের ম্যাচ। টসে হেরে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। একটা পর্যায়ে মনে হচ্ছিল ১৯০ ছাড়াবে তাদের সংগ্রহ। কিন্তু মুস্তাফিজুর রহমান নামক এক জাদুকর রক্ষা করল বাংলাদেশকে। তার দারুণ বোলিংয়ে ১৬৮ রানেই থামে শ্রীলঙ্কার যত সংগ্রাম। শুরুতে পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস- মাঝে দাসুন শানাকা বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে ফেলার আপ্রাণ চেষ্টাই চালিয়েছে।

শানাকার ১৭৩ স্ট্রাইকরেটের ৬৪ রানই বরং সংগ্রহকে বড় করেছে। জবাব দিতে নিয়ে দুর্দশার পুনরাবৃত্তি ঘটালেন তানজিদ তামিম। কিন্তু সাইফ হাসান বনে গেলেন সুদৃঢ় দেয়াল। এরপর সেই দেয়ালের উপর দাঁড়িয়ে আনন্দ নৃত্যে তাওহীদ হৃদয় জানান দিলেন- তিনি ফিরছেন।

এই দুই জনের ফিফটি বাংলাদেশের জয়ের সম্ভাবনা প্রবল করেছে। কিন্তু দু’জনের কেউই শেষ অবধি ম্যাচ শেষ করে আসতে পারেনি। আর সেখানেই বরং জমে ওঠে ম্যাচ। শেষ ওভারে টাইগারদের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান। জাকের আলি অনিক প্রথম বলে চার হাঁকিয়ে, সংগ্রহ সমান করেন। জয় তুলে নিতে পাঁচ বলে দরকার এক রান।

জাকের দ্বিতীয় বলে ও শেখ মেহেদী হাসান চতুর্থ বলে আউট হলে সমীকরণ দাঁড়ায় দুই বলে এক রানের। রান নিতে না পারলে ম্যাচ চলে যাবে সুপার ফোরে। জয়ের একেবারে এক হাত দূরত্ব থেকে পরাজয়ের গ্লানি হতে পারত টাইগারদের নিয়তি। তবে শেষ অবধি আর তেমনটি হয়নি। প্রাণপনে দৌড়ালেন অপরপ্রান্তে থাকা শামীম হোসেন পাটোয়ারি।

চার উইকেট ও এক বল হাতে রেখে, জয় তুলে নেয় লিটন দাসের দল। চারিথ আসালাঙ্কা ও তার দল তখন নিশ্চয়ই ভেবে ভেবে কাহিল- খাল কেটে কি তবে বাঘ নিয়ে এলাম?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link