বেন স্টোকস, আউট অব দ্য বক্স সারপ্রাইজ!

বেন স্টোকসের দুর্ধর্ষ বোলিংয়ের পাশাপাশি আর্চার, মার্ক উড, ব্রাইডন কার্সরাও বলবৎ রেখেছিলেন ভয়ের রাজত্ব। তাতে করে ১৭২ রান করেও লিড নেওয়ার স্বপ্ন বেশ উজ্জ্বল ইংল্যান্ডের।

পেসারদের গতিময় লড়াইয়ে, অ্যাশেজের প্রথম দিনেই নেই ১৯ খানা উইকেট। প্রথমে মিচেল স্টার্ক, এরপর বেন স্টোকস- লড়াইটা হয়েছে শেয়ানে শেয়ানে, লড়াইটা হয়েছে তুখোড়। ১৭২ রানে ইংল্যান্ডকে অলআউট করেও বিন্দুমাত্র স্বস্তিতে নেই স্বাগতিক অস্ট্রেলিয়া। কৃতীত্ব অবশ্যই বেন স্টোকস ও তার পেসারদের প্রাপ্য।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে গতির প্রলয়ের পূর্বাভাস মিলেছিল মিচেল স্টার্কের কাছ থেকে। সাত উইকেট তিনি একাই বাগিয়েছিলেন ইংলিশদের। সেই ধারা অব্যাহত রেখেছিলেন জোফরা আর্চারও। পার্থ স্টেডিয়ামে চলেছে ত্রাসের রাজত্ব। বলের মুভমেন্টের সাথে গতির মিশ্রণে এক একজন পেসার যেন বনে গিয়েছিলেন যমদূত।

চারিদিকে যেন হচ্ছে গোলাবর্ষণ। পেসারদের হাত থেকে বের হওয়া প্রতিটি বল যেন বারুদ গোলক। এমন এক পরিস্থিতির মধ্যে হুট করেই পার্শ্ব চরিত্র থেকে নায়ক বনে গেলেন বেন স্টোকস। ব্যাট হাতে ব্যর্থতার দিনকে তিনিই ঠিকই বানিয়ে ফেললেন সফল। আউট অব দ্য বক্স চরিত্র হিসেবে তিনি নাস্তানাবুদ করেছেন অজি ব্যাটারদের।

ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি- অস্ট্রেলিয়ার মিডল অর্ডার পুরোটাই স্টোকসের পকেটে। ইংল্যান্ডের বোলিং ইনিংসের শুরুতে আর্চারের সৃষ্ট করা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অন্তত মনেই হচ্ছিল তিনি হবেন প্রধান হন্তারক। কিন্তু না, ইংরেজ অধিনায়ক একটা দাতভাঙা জবাব দিতে চাইলেন অজি দাপটের।

টেস্ট ক্যারিয়ারে ষষ্ঠ দফা ফাইফার তুলে নিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের সম্মান বাঁচানো, তাদের দম্ভকে সম্মুনত রাখার প্রয়োজনীয়তা যখনই সামনে এসেছে- তখনই বেন স্টোকসের শরীরে ভর করেছে ঐশ্বরিক কোন শক্তি। মুহূর্তের মধ্যেই তাই তিনি আলোচনার বাইরে থেকে এসেও বনে যান প্রধান চরিত্র।

বেন স্টোকসের দুর্ধর্ষ বোলিংয়ের পাশাপাশি আর্চার, মার্ক উড, ব্রাইডন কার্সরাও বলবৎ রেখেছিলেন ভয়ের রাজত্ব। তাতে করে ১২৩ রানে নয় উইকেট হারিয়ে প্রথম দিন পার করেছে অস্ট্রেলিয়া। ১৭২ রান করেও লিড নেওয়ার স্বপ্ন বেশ উজ্জ্বল ইংল্যান্ডের। এমনটা সম্ভব হয়েছে স্রেফ বেন স্টোকস ছিলেন বলে। অস্ট্রেলিয়ার প্রতিরোধের বিরুদ্ধে তিনি সামনে থেকেই চালিয়ে যুদ্ধ- তিনি যেন বহুকালের দক্ষ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link