আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাস দেড়েক সময় বাকি। ইতোমধ্যেই ঘোষণা হয়ে গেছে ভারতের ১৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড। সুরিয়াকুমার যাদবের নেতৃত্বে গড়া সেই দলে রয়েছেন হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা, জাসপ্রিত বুমরাহদের মতো তারকাদের উপস্থিতি। তবে স্বাভাবিকভাবেই বাদ পড়েছে অনেক প্রতিভাবান ও যোগ্য খেলোয়াড়। যাদের নিয়ে বিকল্প একটি স্কোয়াড সাজালে হয়তো মূল একাদশকেও হারিয়ে দেওয়ার সম্ভব।
আজন্মকাল ধরেই ভারতীয় ক্রিকেটের গভীরতা এতই বেশি যে খুব সহজেই তাদের খেলোয়াড়দের নিয়ে একাধিক স্কোয়াড বানানো যায়। প্রতিভা, সক্ষমতা সবকিছু থাকার পরেও তারকায় ঠাসা দলে জায়গা মেলেনা অনেকেরই। আজকের একাদশটা তাঁদের নিয়েই গড়া। যেখানে শ্রেয়াস আইয়ার কিংবা যশস্বী জয়সওয়ালদের মতো তারকাদের নিয়ে এই একাদশ নিশ্চিতভাবেই অন্য যেকোনো দল কে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।
ওপেনিংয়ে জয়সওয়াল আর গায়কোয়াডের জুটি বিশ্বের যেকোনো কন্ডিশনেই ভয়ংকর রূপ ধারণ করতে পারে। দ্রুত উইকেট পড়লে সেখান থেকে দল কে টেনে নিয়ে যেতে কিংবা ভালো স্কোর থাকলে ম্যাচের গতি-প্রকৃতি বজায় রাখতে সাই সুদর্শনও অত্যন্ত কার্যকরী।

দলের মধ্যমণি হতে পারেন শ্রেয়াস আইয়ার। মিডল অর্ডারে ব্যাটিং স্তম্ভ এবং অধিনায়কত্বের গুরুদায়িত্ব উভয়েই তিনি পরিপক্ব। আইপিএল ২০২৫ এ ছয় শতাধিক রান করেও চোট ও নির্বাচনী সমীকরণে তাঁকে মূল স্কোয়াডে রাখা হয়নি। উইকেটের পেছনে কার্যকরী, পাশাপাশি ব্যাট হাতেও নির্ভরযোগ্যতার প্রতীক জিতেশ শর্মা।
অলরাউন্ডারের ভূমিকায় আছেন নীতিশ কুমার রেড্ডি ও ক্রুণাল পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার পর ভারতের সবচেয়ে সম্ভাবনাময় পেস বোলিং অলরাউন্ডার রেড্ডি। ব্যাটিং-এর পাশপাশি বল হাতে ম্যাচের যেকোনো পরিস্থিতিতেই কার্যকরী ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে অভিজ্ঞ ক্রুণাল পান্ডিয়া, ব্যাটে-বলে জ্বলে উঠলে প্রতিপক্ষের জন্য তা বড় দুশ্চিন্তা। স্পিন আক্রমণে ক্রুণালের যোগ্য সহযোগী হয়ে উঠতে পারেন রবি বিষ্ণৌই। তাঁর গতিময় লেগ স্পিন ব্যাটারদের বিপক্ষে এক ভয়ংকর অস্ত্র।
পেস আক্রমণে রয়েছে অভিজ্ঞতা, গতি ও ভিন্নতার মিশেল। পাওয়ারপ্লে তে ভুবনেশ্বর কুমারের সুইং কিংবা ডেথ ওভারে নিয়ন্ত্রণ। মোহাম্মদ সিরাজের আগ্রাসন আর ২০২৫ আইপিএলের ফর্ম। সেই সাথে প্রসিদ্ধ কৃষ্ণার বাড়তি বাউন্স। সব মিলিয়ে এই তিনজন বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো ব্যাটিং আক্রমণকেই রুখে দিতে পারেন।

সবমিলিয়ে বিকল্প ভারতীয় একাদশ দাঁড়াচ্ছে এমন ০ যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কড, সাই সুদর্শন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, ক্রুণাল পান্ডিয়া, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।
বিশাল জনবহুল দেশ, অনন্য ক্রিকেটপ্রেম আর অতি উন্নত নিয়ম ব্যবস্থার কারণে ভারতীয় ক্রিকেটের গভীরতা অত্যন্ত প্রখর। বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের ব্যতিরেকে আরেকটি দল তৈরি করলে তা যেকোনো দল-কে হারানোর সক্ষমতা রাখে।










