একাদশ আসরে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার সন্দেহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) দ্বাদশ আসরের নিলাম থেকে নাম কাটা হয়েছিল শফিউল ইসলামের। সেই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেড ফ্ল্যাগ দিয়েছিল তাকে। তবে এবার সেই রেড ফ্ল্যাগ কাঁধে নিয়েই মাঠে নামছেন শফিউল। এশিয়ান লিজেন্ডস কাপে খেলছেন বাংলাদেশের হয়ে।
২৮ জানুয়ারি থেকে মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্ট। পর্দা নামবে ৪ ফেব্রুয়ারি। অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বসা এই আসর অনুঠিত হচ্ছে থাইল্যান্ডে।

বিপিএলের এবারের আসর খেলা হয়নি শফিউলের। দুর্দান্ত রাজশাহীর হয়ে একাদশ আসর খেলেছিলেন তিনি। সেখান থেকেই অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দেওয়া হয় রেড ফ্ল্যাগ। তাই তো প্রশ্ন আসতে পারে শফিউল লিজেন্ডস কাপ খেলছেন কিভাবে? শফিউলের নিষেধাজ্ঞা ছিল শুধুমাত্র বিপিএলের জন্য। অন্য কোন লিগ খেলতে কোন আপত্তি নেই।
বাংলাদেশ দলের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করেছেন দীর্ঘ সময় ধরে। ভঙ্গুর পেস আক্রমণের হাল ধরেছেন মাশরাফি বিন মর্তুজার সাথে কাঁধে কাঁধ মিলিয়েও।

২০১১ বিশ্বকাপের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের বিদায়ঘন্টা আগেই বাজেছিল। সম্ভাবনা সব দরজা খোলা ছিল না আর। এবছরই তাই নীরবে সরে দাঁড়িয়েছেন ক্রিকেট থেকে। তবে একেবারেই তো আর দূরে যাওয়া যায় না। লিজেন্ডস কাপে তাই লিখিয়েছেন নাম।











