লরকান টাকারের নেতৃত্বে আয়ারল্যান্ডের ব্যাটিং বিপ্লব। ২৩৫ রানের পাহাড়সম লক্ষ্যের বিপরীতে মুখ থুবড়ে পড়ল ওমানের ইনিংস। তাতেই ৯৬ রানের বিশাল জয় লেখা হলো আইরিশদের নামের পাশে।
এদিন টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ওমান। সিদ্ধান্তটা শুরুর দিকে কাজেও দিয়েছিল বেশ। তবে সময়ের সাথে সাথে আইরিশদের লাগাম টানতে পারেনি ওমান। বিশেষ করে এক লরকান টাকারই একটু একটু করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকেন। তাঁর ব্যাট থেকে ৯৪ রানের এক হার না মানা ইনিংস।

গ্যারেথ ডিলেনি এবং জর্জ ডকরেলও রান উৎসবে মেতে ওঠেন। প্রথম ১০ ওভারে চার উইকেট হারিয়ে ৭৯ রান করা দলটা পরবর্তী দশ ওভারে এক উইকেট হারিয়ে তুলেছে ১৫৬ রান। ডিলেনির ফিফটি আর ডকরেল ৯ বলে ৩৫ রানের টর্নেডো উপহার দেন। তাতেই আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে আসে আসরের সর্বোচ্চ ২৩৫ রান।
এই রানের পাহাড় টপকে জয় পাওয়াটা এক অলীক স্বপ্নই ওমানের জন্য। তবে হাল ছেড়ে দিলে কি আর চলে। আমির কালিম তাই জবাব দিতে থাকলেন চোখে চোখ রেখে। ২৪ রানে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়লেও আমিরের ব্যাট সামলে নেয় সবকিছু। ফিফটিও আসে তাঁর নামের পাশে। তবে ৯৭ রানে তাঁর বিদায়ের পর মুখ থুবড়ে পড়ে ওমান। ১৩৯ রানের মধ্যেই থেমে যেতে বাধ্য হয় তারা।

বল হাতে কৃতিত্বের বড় অংশীদার জশ লিটল। চার ওভারে ১৬ রান দিয়েই নিজের ঝুলিতে নেন তিন উইকেট। তাতেই ৯৬ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আয়ারল্যান্ড। দেখায় নিজেদের সামর্থ্যের সবটা শক্তি।











