রোনালদো না বাতিস্তুতা, কে সেরা?

কে সেরা রোনালদো নাজারিও নাকি গ্যাব্রিয়েল বাতিস্তুতা? একজন ছিলেন ডিফেন্স ছিন্নভিন্ন করা ঝড়, অন্যজন ছিলেন নিখুঁত আঘাতে ম্যাচ শেষ করে দেওয়া এক দুর্ধর্ষ শিকারি।

কে সেরা রোনালদো নাজারিও নাকি গ্যাব্রিয়েল বাতিস্তুতা?

যখন রক্ষণ ছিল সত্যিকারের দূর্গ, ডিফেন্ডাররা ছিলেন সাক্ষাৎ যমদূতের সমতূল্য। সেই সময়েও ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন ব্রাজিলের রোনালদো নাজারিও আর আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা। যাদের নাম উচ্চারণে আলাদা এক ভার রয়েছে। রয়েছে আলাদা এক ভয়ও।

একজন ছিলেন ডিফেন্স ছিন্নভিন্ন করা ঝড়, অন্যজন ছিলেন নিখুঁত আঘাতে ম্যাচ শেষ করে দেওয়া এক দুর্ধর্ষ শিকারি। নব্বইয়ের দশকের ফুটবল ছিল ডিফেন্ডারদের রাজত্ব। ট্যাকল ছিল ভয়ংকর, আর ভুলের শাস্তি ছিল নির্মম। সেই কঠিন সময়েই গোল করার শিল্পটাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই দুই স্ট্রাইকার।

রোনালদো নাজারিও ছিলেন অপ্রতিরোধ্য আলোক রশ্মি। গতি, ড্রিবলিং আর ফিনিশিং- সবকিছু এক শরীরে মিশে যাওয়ার বিরল উদাহরণ। বল পায়ে রোনালদো জায়গা পেয়ে গেলে ডিফেন্ডাররা হয়ে যেত নিরুপায়। কেউ তাকে থামাতে চাইলে সে গতির অতলে হারিয়ে যেত, কেউ পথ আটকাতে চাইলে ড্রিবলের ঘোরে সম্মোহিত হতো। শেষ পর্যন্ত গোলরক্ষকের সামনে পৌঁছে যেতেন তিনি চোখের পলকে।

অন্যদিকে বাতিস্তুতার গল্পটা ভিন্ন। সে ড্রিবল করে পাঁচজন কাটিয়ে গোল করার মানুষ তিনি ছিলেন না। তার প্রয়োজনও ছিল না। কারণ তার সবচেয়ে বড় অস্ত্র ছিল একটাই—মারণ ফিনিশিং। তিনি ছিলেন ফক্স ইন দ্য বক্স!

পেনাল্টি বক্সে এক মুহূর্তের সুযোগ, আর তারপরই বজ্রপাতের মতো শট। গোলকিপার তখন কেবল দর্শক। এই নির্মমতার কারণেই আর্জেন্টিনার জার্সিতে এক সময় গোলের প্রতিশব্দ হয়ে উঠেছিলেন বাতিস্তুতা।

ক্লাব ফুটবলেও দুজনের পথ আলাদা ছিল। রোনালদো ইউরোপের বড় মঞ্চে নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন- বার্সেলোনা, ইন্টার মিলান কিংবা রিয়াল মাদ্রিদ- যেখানেই গেছেন, সেখানেই গোলের উৎসবে মাতিয়েছেন দর্শকদের।

বাতিস্তুতা বেছে নিয়েছিলেন অন্য পথ। বহু বছর ধরে ফিরোন্টিনা– এর আকাশে জ্বলে উঠেছিলেন এক অবিচল নক্ষত্র হয়ে। ছোট ক্লাবের বড় তারকা ছিলেন বাতিস্তুতা। তিনি যেন ছিলেন ফিরোন্টিনার যক্ষের ধন। পরে এস রোমা–তে গিয়ে সিরি আ জয়ের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল তার ইতালিয়ান ক্লাব ফুটবলের অধ্যায়।

তবে বিশ্বমঞ্চে আলোটা একটু বেশি পড়েছে রোনালদোর উপর। বিশ্বকাপে ব্রাজিলকে এনে দিয়েছেন শিরোপা, হয়েছেন টুর্নামেন্টের নায়ক। বাতিস্তুতা সে দিক থেকে দুর্ভাগা। ভাগ্যে তার জোটেনি স্বর্ণালি ট্রফি। কিন্তু গোল করার তৃষ্ণা, প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার নিষ্ঠুর দক্ষতা—এসব কিছুই তাকে আলাদা এক উচ্চতায় বসিয়েছে।

শেষ পর্যন্ত হয়তো তুলনাটা খুব জরুরি নয়। কারণ দু’জন আলাদা, তাদের খেলার ধরণ ভিন্ন কিন্তু তারা দু’জনই কিংবদন্তি। রোনালদো ছিলেন বিস্ময়, আর বাতিস্তুতা ছিল ভয়। গোলের সংখ্যা কিংবা শিরোপা গণনার ঠুনকো মানদণ্ডে এই দুই স্ট্রাইকারের শ্রেষ্ঠত্বকে তুলনা করা অবান্তর।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link