ধারাবাহিকতার জটায়ু নাকি ইতিহাসের বটবৃক্ষ!

সেই তর্কের এক কোণে প্রায়ই মুখোমুখি দাঁড়িয়ে যান দু'জন- কপিল দেব ও জ্যাক ক্যালিস। যদিও প্রেক্ষাপট আর ব্যাটিং পজিশনে এদের তুলনায় খাটে না, তবুও তো প্রশ্ন জাগে, উত্তর মেলাতে দোষ তো নেই। 

প্রশ্নটা সহজ কপিল দেব নাকি জ্যাক ক্যালিস কে সেরা অলরাউন্ডার? কিন্তু উত্তরটা মোটেও সহজ নয়।

ক্রিকেটে অলরাউন্ডারদের নিয়ে বিতর্ক কখনো পুরোনো হয় না। ব্যাটে রান, বলে উইকেট- এই দুইয়ের সমন্বয় যারা করতে পারেন, তাদের ঘিরেই তৈরি হয় সবচেয়ে বড় তর্কগুলো। সেই তর্কের এক কোণে প্রায়ই মুখোমুখি দাঁড়িয়ে যান দু’জন- কপিল দেব ও জ্যাক ক্যালিস। যদিও প্রেক্ষাপট আর ব্যাটিং পজিশনে এদের তুলনায় খাটে না, তবুও তো প্রশ্ন জাগে, উত্তর মেলাতে দোষ তো নেই।

পরিসংখ্যানের খাতা খুললে প্রথমেই চোখে পড়বে ক্যালিসের আধিপত্য। টেস্ট ক্রিকেটে ১৩ হাজারের বেশি রান, সঙ্গে প্রায় তিনশ উইকেট। ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে। এমন সংখ্যাগুলো অলরাউন্ডারদের ইতিহাসে প্রায় অলৌকিক। অনেক সময় মনে হয় তিনি যেন দুইজন ক্রিকেটারের কাজ একাই করে গেছেন- একজন সেরা ব্যাটার, সেই সাথে আরেকজন নির্ভরযোগ্য পেসার।

দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন দলের ভারসাম্যের কেন্দ্রবিন্দু। টপ অর্ডারে দেয়ালের মতো দাঁড়িয়ে থাকা, আবার প্রয়োজন হলে বল হাতে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেওয়া- ক্যালিসের ক্রিকেট ছিল খাঁদহীন স্বর্ণের ঝলমলে আলো। তবে ক্রিকেট কেবল সংখ্যার হিসাব নয়। প্রভাব প্রতিপত্তি আর দলকে একই সুঁতোয় গেঁথে রাখতে পারাও তো বড় গুণ। সেই জায়গায় এসে গল্পটা অন্যদিকে মোড় নেয়। কারণ সেখানে দাঁড়িয়ে আছেন কপিল।

তিনি শুধু একজন অলরাউন্ডার ছিলেন না, ছিলেন একটি যুগের প্রতীক। তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচয় হয়ে আছে ১৯৮৩ সালে বিশ্বকাপ। সেবার তাঁর নেতৃত্বেই বিশ্ব ক্রিকেটে এক অবিশ্বাস্য বিপ্লব ঘটেছিল। ক্রিকেটের শক্তিধর দলগুলোর মাঝে তখন প্রায় উপেক্ষিত একটি দল ভারত হঠাৎ করেই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যায়।

কপিল দেব শুধু সেই দলের অধিনায়কই ছিলেন না, ছিলেন একটা বিশ্বাসের প্রতীক যে বিশ্বাস বলেছিল ‘অসম্ভবও সম্ভব’। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে- কে সেরা? যদি কেবল পরিসংখ্যান দেখা হয়, অনেকেই হয়তো ক্যালিসের দিকেই ঝুঁকবেন। তাঁর ধারাবাহিকতা, তাঁর রান, তাঁর উইকেট সব মিলিয়ে তিনি ছিলেন প্রায় যোগ্য অলরাউন্ডার।

কিন্তু যদি প্রভাবের বিস্তৃতি সামনে চলে আসে, যদি আলোচনা হয় ক্রিকেটের ইতিহাস বদলে দেওয়া মুহূর্তগুলোর তবে কপিল দেবকে পাশ কাটানো কঠিন। কারণ তিনি শুধু ম্যাচ জেতাননি, বদলে দিয়েছেন একটি দেশের ক্রিকেট মানসিকতা। তাই এই তুলনার কোনো সরল সমাধান নেই। আর ঠিক সেখানেই এই বিতর্কের সৌন্দর্য- ক্রিকেটপ্রেমীরা আজও নিশ্চিত হয়ে বলতে পারেন না, শেষ পর্যন্ত সত্যিকারের সেরা অলরাউন্ডার আসলে কে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link