কার্যকর মিরাজের প্রত্যাবর্তন

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি মিরাজের জন্য ছিল রীতিমত মাধ্যমিক পরীক্ষার আগের বছরে হওয়া ফাইনাল পরীক্ষা। যেখানে দুইটি বিষয়ে বেশ ভালভাবে পাশ করে গেলও, ব্যাটিং পরীক্ষাটা আপাতত হয়েছে স্থগিত। 

মেহেদী হাসান মিরাজকে ঘিরে ছিল ত্রিফলা প্রশ্ন- তার অধিনায়কত্ব, তার বোলিং ও তার ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি মিরাজের জন্য ছিল রীতিমত মাধ্যমিক পরীক্ষার আগের বছরে হওয়া ফাইনাল পরীক্ষা। যেখানে দুইটি বিষয়ে বেশ ভালভাবে পাশ করে গেলও, ব্যাটিং পরীক্ষাটা আপাতত হয়েছে স্থগিত।

প্রথমে আসি অধিনায়কত্বে। একটা ছোট্ট বিষয় উল্লেখ করা প্রয়োজন। পাকিস্তান সিরিজের তিনটি ম্যাচই সাইডবেঞ্চে বসে কাটিয়েছেন সৌম্য সরকার। আবেগঘন পোস্টও তিনি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তাকে কেন একাদশে নেওয়া হয়নি- সে প্রসঙ্গে মিরাজ বলেছেন যে টিম ম্যানেজমেন্ট সৌম্যকে বিপদে ফেলতে চায়নি, পাশাপাশি তানজিদ তামিম ও সাইফ হাসানকে এক-দুই ম্যাচেই বিচার করতে চায়নি।

দল সম্পর্কে এই স্পষ্ট ধারণা থাকা ও অকপটে স্বীকার করতে পারাটাও নেতৃত্বের একটা অংশ। এদিক থেকে মিরাজ যে নিজেকে আরেকটু বলিষ্ঠ করে তুলছেন সেটা স্পষ্ট। তাছাড়া মাঠেও তার সিদ্ধান্তগুলোকে মোটাদাগে প্রশ্নবিদ্ধ করবার উপায় নেই। উল্টো সিরিজের শেষ ম্যাচের শেষ ওভারে নেওয়া রিভিউটা প্রমাণ করে তিনি তার ইউনিটের উপর রেখেছেন পূর্ণ আস্থা। দলকে কেন্দ্রীভূত করতে পারছেন।

এবার আসি বোলিংয় ফিরিস্তিতে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মিরাজের ইকোনমি ছিল দুই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে কম, ৩.৩৩। অর্থাৎ কৃপণতা তিনি দেখিয়েছেন। যদিও একটা সমালোচনা ছিল তাকে ঘিরে- যে তিনি প্রতিপক্ষের চাপের মুহূর্তেই স্রেফ বল করতে আসেন। কিন্তু সে ধারণা তিনি বদলে দিয়েছেন দ্বিতীয় ওয়ানডেতে ব্রেকথ্রু এনে দিয়ে।

রান আটকে রাখার পাশাপাশি পাঁচটি উইকেটও শিকার করেছেন। ট্রু উইকেটেও শিকারি সত্ত্বার প্রতিফলন ঘটিয়েছেন- প্রশংসার দাবি রাখে। কেননা সাম্প্রতিক সময়ে তার বোলিং ছিল ভীষণ প্রশ্নবিদ্ধ। সেখানেও তিনি পাশ করেছেন ভালভাবেই। তবে ব্যাটিংয়ে তিনি ঠিক কতটুকু কার্যকর- সেটা প্রমাণের কোন উপায় নেই।

তিনি সেই অর্থে সুযোগ পেয়েছেন খুবই কম। ব্যাটিং করেছেন এক ইনিংসে। স্যাম্পল সাইজ হিসেবে যা মোটেও যথেষ্ট নয়। অতএব মিরাজের ব্যাটিং পরীক্ষার জন্য নিউজিল্যান্ড সিরিজের অপেক্ষা করতেই হচ্ছে। তবে স্বস্তি হচ্ছে মিরাজ কার্যকর ক্রিকেটার রুপে আবার ফেরার প্রচেষ্টাতেই রয়েছেন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link