যুদ্ধের দামামায় শঙ্কায় আইপিএল-পিএসএল

সব মিলিয়ে ভূরাজনীতি, নিরাপত্তা আর কূটনৈতিক টানাপোড়েনের এক জটিল ক্যানভাসে পরিণত হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএল ও পিএসএল এমন অশান্ত পরিস্থিতিতেই মাঠে গড়ানোর অপেক্ষায় আছে।

যুদ্ধের শব্দ যখন সীমান্ত পেরিয়ে আসে, তখন তার প্রতিধ্বনি ক্রিকেট মাঠ থেকেও শোনাও। কাবুলে ভয়াবহ বিমান হামলায় শত শত মানুষের প্রাণহানির রেশ এখন ছুঁয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ঝলমলে মঞ্চকেও।

এই অস্থিরতার মাঝেই অনিশ্চয়তার মুখে পড়েছে পাকিস্তান ‍সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসর। একদিকে পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা, অন্যদিকে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে ভ্রমণ জটিলতা—সব মিলিয়ে বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। এর প্রভাব পড়বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।

সূচি বলছে, ২৬ মার্চ পর্দা উঠবে পিএসএলের। মজার ব্যাপার, ঠিক দুই দিন পরই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। অর্থাৎ, ক্রিকেট ক্যালেন্ডারের সবচেয়ে জমজমাট সময়েই মাঠে নামার কথা এই লিগের।

কাগজে-কলমে তারকায় ভরপুর পিএসএল। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল—অস্ট্রেলিয়ার বড় নামগুলো খেলতে আসার কথা। কোচিং স্টাফেও আছেন টিম পেইন ও জেসন গিলেস্পির মত বড় নাম। কিন্তু বাস্তবতা বলছে, মাঠে নামার আগে তাদের পেরোতে হচ্ছে নিরাপত্তার কঠিন হিসাব।

অস্ট্রেলিয়া সরকার খেলোয়াড়দের পাকিস্তান সফরের অনুমতি দিলেও স্পষ্ট সতর্কতা দিয়েছে—পেশোয়ার এড়িয়ে চলতে। তাদের ভাষায়, এটি এখন ‘ডু নট ট্রাভেল’ জোন। ফলে ২৮ মার্চ পেশোয়ার জালমি ও রাওয়ালপিন্ডির ম্যাচ নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা, যেটি হওয়ার কথা ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে।

এই ম্যাচেই দুই দলে আছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার—জালমির হয়ে অ্যারন হার্ডি, আর রাওয়ালপিন্ডির দলে জেক ফ্রেজার-ম্যাকগার্ক। নিরাপত্তা ঝুঁকি থাকলে তারা আদৌ মাঠে নামবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন। যদিও খেলোয়াড়দের আশ্বস্ত করা হয়েছে—প্রয়োজনে ব্যক্তিগত বিমানে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা থাকবে।

ক’দিন আগেই শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ছাড়ার ক্ষেত্রে নাভিশ্বাস উঠেছিল জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ দলের। সেই যুদ্ধ পরিস্থিতি এখন আরও প্রকট। এই অবস্থায় আইপিএলের ভাগ্যও সুখকর হওয়ার কথা নয়।

অন্যদিকে, আফগানিস্তানের ক্রিকেটারদের সিদ্ধান্ত আরও নাটকীয়। শুরুতে পিএসএল নিলামে নাম দিলেও শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছেন মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, ফজলহক ফারুকী-দের মতো তারকারা।

সব মিলিয়ে ভূরাজনীতি, নিরাপত্তা আর কূটনৈতিক টানাপোড়েনের এক জটিল ক্যানভাসে পরিণত হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আইপিএল ও পিএসএল এমন অশান্ত পরিস্থিতিতেই মাঠে গড়ানোর অপেক্ষায় আছে।

Share via
Copy link