প্লে-অফ দূর অস্ত দিল্লী ক্যাপিটালসের

দিল্লির চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তাদের পেসাররা। এরা যেমন নিয়মিত বিরতিতে উইকেট নিতে পারবে আবার এমনও হতে পারে কোনো কোনো দিন দেখা যাবে হাত খুলে রান দিয়েছেন। স্পিনারদের সেই জায়গায় অতিরিক্ত দায়িত্ব নেওয়া লাগবে।

বহু বছর ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিলেও সোনার হরিণ শিরোপার দেখা একবারও পায়নি দিল্লী ক্যাপিটালস। কোচ, অধিনায়ক থেকে শুরু করে একেবারে দলের নাম পর্যন্ত বদলেছে কিন্তু শিরোপা হাতে তোলার ভাগ্য একবারও হয়নি ভারতের রাজধানী শহরের দলটির।

সেই দীর্ঘ অপেক্ষার কি অবসান ঘটতে পারে এবার? কেমন হল দিল্লী ক্যাপিটালসের দল? ২০২১ সালের পর একবারও সেরা চারে জায়গা করতে না পারা দলটি এবার কি পারবে প্লে-অফে ঠাঁই করে নিতে? অক্ষর প্যাটেলের নেতৃত্বে দিল্লী ক্যাপিটালস এবার কেমন ফলাফল মাঠে প্রদর্শন করতে পারে চলুন দেখে নেওয়া যাক।

ব্যাটিংয়ে দিল্লী ক্যাপিটালসের সবচেয়ে বড় শক্তির নাম আইপিএলে পাঁচ হাজারেরও বেশি রান করা লোকেশ রাহুল। দলের আশা থাকবে অন্যান্য আসরগুলোর মতো এবারেও তার ব্যাট থেকে নিয়মিত বড় বড় রানের ইনিংস দেখা যাবে। এর পাশাপাশি অভিষেক পোরেল, নীতিশ রানাদের মত দেশি খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকবেন দর্শকরা।

সাথে থাকা অধিনায়ক অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলারদের নিয়ে গড়া দলটির ব্যাটিং লাইনআপ বেশ ভারসাম্যপূর্ণ। এদের সাথে আশুতোষ শর্মা, ভিপরাজ নিগামরা স্লগ ওভারে হাত খুলে ব্যাট চালাতে দক্ষ। দিল্লী ক্যাপিটালসের বোলিং লাইনে কোনো সন্দেহ ছাড়াই সবচেয়ে বড় নাম অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক।

তবে, এই নামটাই এখন দলের জন্য চিন্তার কারণ হয়ে যাচ্ছে কারণ- শুরুর দিকে তাকে পাওয়া যাবে না। পেসে তাই দলটির মূল শক্তি এখন দক্ষিণ আফ্রিকান লুঙ্গি এনগিডি। তার সাথে থাঙ্গারাসু নাটরাজন, মুকেশ কুমারদের তাই ঘাড়ে দায়িত্ব নিতে হবে একটু বেশি। কাইল জেমিসন কিংবা দুশন্থ চামিরা সুযোগ পেলে হয়তো নিজেদের জাত চেনাতে পারেন।

অন্যদিকে, স্পিনে দিল্লীর ভরসা চায়নাম্যান বোলার কুলদ্বীপ যাদবের উপরে। খুব স্বল্প রান দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখতে তার দক্ষতা বহু আগে থেকেই দেখা গেছে ক্রিকেটের নানা ময়দানে। পাশপাশি অধিনায়ক অক্ষর প্যাটেলের সাথে ভিপরাজ নিগাম থাকবেন। সামগ্রিক বিচারে বলতে গেলে, সব জায়গাতেই অভিজ্ঞদের পাশপাশি তরুণদের নিয়ে এবারের আসরের জন্য দল বানিয়েছে দিল্লী ক্যাপিটালস।

কিন্তু, তাদেরকে প্লে-অফে যেতে হলে পরিশ্রম করতে হবে অনেক। দলের তরুণদের কাছে অধিনায়ক অক্ষর প্যাটেলের আশা থাকবে তারা দায়িত্ব নিয়ে ব্যাট করবে। ঠিকমতো নিজেদের সক্ষমতা কাজে লাগাতে পারলে এই দলের একই সাথে পাহাড়সম সংগ্রহ গড়ার এবং বড় লক্ষ্য তাড়া করার শক্তি আছে।

দিল্লীর চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তাদের পেসাররা। এরা যেমন নিয়মিত বিরতিতে উইকেট নিতে পারবে আবার এমনও হতে পারে কোনো কোনো দিন দেখা যাবে হাত খুলে রান দিয়েছেন। স্পিনারদের সেই জায়গায় অতিরিক্ত দায়িত্ব নিতে হবে।

কিছু দুর্বলতা থাকলেও দিল্লী ক্যাপিটালসকে একেবারে অযোগ্য দলের তকমা দেওয়া যায় না। নিজেদের শক্তি কাজে লাগাতে পারলে প্লে-অফে খেলা সম্ভব তাদের জন্য। তবে, সেই যাত্রা যে একেবারে সহজ হবে না তাই বলেই দেওয়া যাচ্ছে স্কোয়াড দেখে।

লেখক পরিচিতি

বেঁচে আছি না পড়া বইগুলো পড়ব বলে

Share via
Copy link