একটা বদলে যাওয়া চরিত্র নিয়ে যেন হাজির হয়েছিলেন দেবদূত পাদ্দিকাল। নিজের প্রচলিত সত্তাকে মাটি চাপা দিয়ে স্রোতের সাথে পাল্লা দিয়ে চলার মতো দুঃসাহসটা দেখিয়েছে তাঁর ব্যাট। যার সামনে নতজানু হলো সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা।
প্রতিভার কোন কমতি ছিল না পাদ্দিকালের মধ্যে। একজন ব্যাটারের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই ধারাবাহিকতাও ছিল তাঁর ব্যাটে। তবে সমস্যা ছিল একটাই, স্ট্রাইক রেটটা আধুনিক জামানার সাথে ঠিকঠাক যায় না।
২০২০ থেকে ২০২৪ আসর পর্যন্ত সেকেলে ধাচের ব্যাটিংয়ের উপর ভরসা রেখেছিলেন পাদ্দিকাল। এই বছরগুলোতে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল ১৩০। এক সম্ভাবনার অপমৃত্যুর গল্প যেন লেখা হয়ে গিয়েছিল।

এরপরই পাদ্দিকাল ভিন্ন রূপে আবির্ভুত হন। ২০২৫ সালে স্ট্রাইক রেট বেড়ে দাঁড়ায় ১৫০। এবার শুরুটা সেখান থেকে করেছেন। হায়দ্রাবাদের বিপক্ষে ধারণ করেছেন রুদ্রমূর্তি। যার সামনে অসহায় হতে হয়েছে বোলারদের।
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যেমন ইনিংস খেলা দরকার সেটাই করেছেন দেবদূত পাদ্দিকাল। ২৬ বলে ৬১ স্ট্রাইক রেট ২৩৪। শুরুর ধাক্কা সামলে ম্যাচটাকে হায়দ্রাবাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পেছনে বড় অবদান যে এই ইনিংসটারই।
তিন নম্বর পজিশনে আরসিবিকে নির্ভর রাখার জন্য পরিপূর্ণ পাদ্দিকাল প্রস্তুত। সময়ের সাথে যে নিজেকে গড়ে তুলতে হয়, নইলে সময় যে গ্রাস করে নেয় সবকিছু। পাদ্দিকাল সেটা বুঝেছিলেন, তাই তো সময় থাকতে নিজেকে বদলে ফেলেছেন।












