১৯ বলে ফিফটি, পাকিস্তান সুপার লিগের ইতিহাসে তৃতীয় এবং এবারের আসরের দ্রুততম ফিফটি। মাজ সাদাকাতের ব্যাট থেকে বেরিয়ে এলো আগ্রাসনের ফুলকি। ছোট মরিচে যেমন ঝাল বেশি, তেমনই ২০ বছরের ছোকরার ব্যাটার ঝাঝে কুপোকাত মুলতান সুলতানের বোলাররা।
অনুর্ধ ১৯ থেকেই নিজের আগ্রাসী স্বত্তার জানান দিয়ে যাচ্ছেন সাদাকাত। চোখ-মুখে ভয় নেই একটুও, বরং বোলারদের নিঃশ্বাস আটকে দেওয়ায় যেন তাঁর একমাত্র কাজ। ক্রিকেট পাড়ায় ঘটা করেই চর্চা চলে তাঁকে নিয়ে, বড় হলে ছেলেটা বিরাট কেউ হবে।
সাদাকাতও এক এক ধাপ পার করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় হায়দ্রাবাদ কিংসম্যানের রানের চাকাকে ঘুরিয়ে দিলেন ২৩৮ স্ট্রাইক রেটে।

সায়িম আইয়ুবের সাথে ওপেনিংয়ে নামার আগেই যেন পণ করে এসেছিলেন, আজ ঝড় ওঠাবেন বাইশ গজে।
শুরু থেকেই সেই শপথে বলিয়ান সাদাকাত দেখালেন কি করতে পারেন তিনি। পাঁচ ওভারেই এলো ৫৯ রান। সায়িম ফিরলেও নিজের ব্যাটটাকে থামালেন না সাদাকাত। মোহাম্মদ নাওয়াজের বলে সাজঘরের পথে ফেরার আগে ২৬ বল থেকে এল ৬২ রান। পাঁচ ছয় আর পাঁচ চারের সাথে সাজানো সেই ইনিংস যেন নতুন তারকার আগমনী সুর হয়ে বাজল।
টি-টোয়েন্টির এই রমরমা যুগে পাওয়ার প্লেটাকে যেভাবে কাজে লাগানোর দরকার, সেভাবেই কাজে লাগালেন সাদাকাত। আউট হওয়ার আগেই বড় রান করার বন্দোবোস্ত করে দিয়ে গেলেন হায়দ্রাবাদ কিংসম্যানের।

Share via:










