আধুনিক ক্রিকেটের মারকাটারি ফরম্যাট টি-টোয়েন্টিতে ব্যাটারদের দাপট যেমন থাকে, তেমনই বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর বৈচিত্র্যই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টি-টোয়েন্টি বোলারদের আইসিসি র্যাংকিংও এখন সেই কথাই বলছে। যেখানে স্পিনারদের জয়জয়কারের মাঝেও নিজ মহিমায় উজ্জ্বল হয়ে আছেন ভারতের এক গতিতারকা।
- রশিদ খান (৭৫৩ পয়েন্টস)

আফগানিস্তানের ক্রিকেটের রূপকার বলা হয় যাকে, সেই রশিদ খান এখনো তাঁর সিংহাসন ধরে রেখেছেন। ৭৫৩ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার। ক্যারিয়ারের ১১৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১৯৩টি উইকেট শিকার করেছেন ২৭ বছর বয়সী এই লেগ স্পিনার।
- বরুণ চক্রবর্তী (৭৪০ পয়েন্টস)

ভারতীয় দলের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটি নিজের দখলে রেখেছেন। ৭৪০ রেটিং পয়েন্ট নিয়ে রশিদের পরেই তার অবস্থান। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বল হাতে অনস্বীকার্য অবদান রেখেছেন তিনি। ৪৫ ম্যাচে ৭৩ উইকেট নেওয়া বরুণের ১৬.৬১ বোলিং গড়ই প্রমাণ করে, মাঝের ওভারগুলোতে তিনি কতটা কার্যকর।
- আবরার আহমেদ (৭৩৬ পয়েন্টস)

তালিকার তিন নম্বরে পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদ। ৭৩৬ পয়েন্ট নিয়ে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ক্যারিয়ারের শুরুতেই ৩৮ ম্যাচে ৫২ উইকেট শিকার করে তিনি নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের। ১৭.৩৬ গড় এবং নিয়ন্ত্রিত বোলিং দিয়ে তিনি এখন পাকিস্তান বোলিং ইউনিটের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র।
- আদিল রশিদ (৭২১ পয়েন্টস)

র্যাঙ্কিং দেখে মনে হতে পারে, এ যেন বোলিং র্যাঙ্কিং নয়। বরং লেগ স্পিনারদের এক মিলনমেলা। তালিকার চার নম্বর স্থানটিতে রয়েছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। ১৪৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার বিশাল অভিজ্ঞতা সমৃদ্ধ এই স্পিনার ঝুলিতে পুরেছেন ১৬৩টি উইকেট। তার ২৩.২৪ বোলিং গড় অভিজ্ঞতার এক দারুণ সাক্ষ্য বহন করে।
- জাসপ্রিত বুমরাহ (৭০২ পয়েন্টস)

তালিকায় একমাত্র পেসার হিসেবে পঞ্চম স্থানে রয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ৭০২ পয়েন্ট নিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন, কেন তাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা অল-ফরম্যাট বোলার বলা হয়। ৯৫ ম্যাচে ১২১ উইকেট শিকারি বুমরাহর বোলিং গড় ১৮.০৮। বিশেষ করে ডেথ ওভারে তার ইয়র্কার আর কাটার এখনো ব্যাটারদের কাছে দু:স্বপ্নের মতো।











