আগের ম্যাচগুলোতেও নেমেছিলেন তিন নাম্বারে ব্যাট করতে। একেবারে খারাপ না করলেও আলাদা করে মনে রাখার মতো করতে পারেননি কিছু। কিন্তু, করাচি কিংসের বিরুদ্ধে নেমেই রূপ বদলে গেল কুশাল মেন্ডিসের। হাঁকালেন দুর্দান্ত সেঞ্চুরি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে কোয়েটা গ্ল্যাডিয়টর্সের জার্সি গায়ে খেলেছিলেন। পাঁচ ইনিংসে পঞ্চাশ পার করার সুযোগ পাননি একবারও। এবার দল বদলে পেশোয়ার জালমিতে। তাতেই যেন ভাগ্য চাকা ঘুরলো শ্রীলঙ্কান এই ব্যাটারের।
করাচি কিংসের বিরুদ্ধে মুহাম্মদ হারিস ইনিংসের দ্বিতীয় বলেই আউট হয়ে গেলে ২২ গজে নামেন কুশাল মেন্ডিস। বাবর আজমকে সাথে নিয়ে আক্রমণ চালাতে থাকেন একের পর এক বোলারকে।

অ্যাডাম জাম্পা কিংবা মইন আলির মতো অভিজ্ঞ স্পিনার যাকেই সামনে পেয়েছেন হাত খুলে মেরেছেন মেন্ডিস। বাবর আজমের সাথে দীর্ঘ এক জুটি গড়ার পথে তুলে নেন নিজের পিএসএল ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।
সেখানে থেমে গেলেও বলার কিছু থাকতো না। তবে, মেন্ডিস থামলেন না। তাঁর স্বপ্ন তো একেবারে ছোট নয়। ফিফটির পরেও না থেমে আক্রমণ চালিয়ে তুলে নেন সেঞ্চুরি।
দুই শতাদিক স্ট্রাইকরেটে আব্বাস আফ্রিদির বলে আউট হওয়ার করেন ১০৯ রান। চারটি ছক্কা আর ১৪ চারের মারের ইনিংস খেলার পথে নিজের জাত বারে বারে চিনিয়ে গেছেন এই বাঁহাতি শ্রীলঙ্কান।











