এই তো সেদিন মুলতান সুলতান্সের বিরুদ্ধে মাঠে নেমে ঝড় তুললেন। খেলেছিলেন ৪৫ রানের এক অগ্নিঝরা ইনিংস। কিন্তু, সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই ভেসে এলো দু:সংবাদ। কাঁধের ইনজুরির কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেলেন পারভেজ হোসেন ইমন। মিস করবেন আসন্ন নিউজিল্যান্ড সিরিজও
পিএসলের এবারের আসরে খেলতে গেছেন অনেক বাংলাদেশি। বাঁহাতি ওপেনার ইমনও ছিলেন সেই দলে। লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু, এবার আর তাঁকে দেখা যাবে না লাহোরের সবুজ জার্সি গায়ে।
তিন ম্যাচ ২২ গজে নামার সুযোগ পেয়েছিলেন ইমন। প্রথম দুদিন স্মরণীয় কিছু করতে না পারলেও শেষ ইনিংসটা ছিল দুর্দান্ত। ১৯ বলে পাঁচ ছক্কার মারে করেন ৪৫ রান। দলের জয়ে ইমনের অন্যতম ভূমিকা ছিল সেদিন।

যে দিন ভালো খেললেন সেই দিনটা কাল হয়ে দাঁড়ালো। ফিল্ডিংয়ের সময়ে আসিফ আলীর সাথে ধাক্কা লাগে। সেখান থেকে লাগে কাঁধে আঘাত। আর, সেই ইনজুরিতেই এখন আর পিএসএল খেলতে পারবেন না ইমন।
ইনজুরিটা যে নেহাত হালকা কিছু তা বলা যায় না। তাই তো, শুধু পিএসএল নয়, বরং, ইমন বাদ পড়ছেন ঘরের মাঠের আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেও।
লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের মধ্যে দিয়ে জানায় ইমনের ইনজুরির কথা। ১৭ তারিখ থেকে দেশের মাটিতে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। ওয়ানডেতে না থাকলে টি-টোয়েন্টি দলে থাকার কথা ইমনের। তবে, ইনজুরির জন্য আপাতত সেটা হচ্ছে না।











