ক্রিকেটের বিবর্তন ঘটছে দ্রুত গতিতে। নতুন সব বোঝাপড়ার মুখোমুখি হতে হচ্ছে সময়ের সাথে সাথে। তারই এক ঝলক দেখা গেল আইপিএলে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচে। যেখানে সেট হয়ে থাকা ব্যাটার আয়ুশ মাহত্রেকে ১৮তম ওভারে ২২ গজ থেকে তুলে নেয় চেন্নাই।
১৮ বছরের তরুণ। এরই মধ্যে নিজের প্রতিভার প্রদর্শন করেছেন অনেকবার। দিল্লির সাথেও ভালোই খেলছিলেন। তুলে নিয়েছিলেন এবারের আসরে তাঁর দ্বিতীয় অর্ধশতক। কিন্তু, দলের কাছে পছন্দ হলো না তাঁর ব্যাট চালানোর ধরণ।
৩৬ বলে তিনটি চারের সাথে চারটি ছক্কায় ৫৯ রান। স্ট্রাইকরেট ১৬৩। আপাতদৃষ্টিতে ভালো মনে হলেও সময়ের বিবেচনায় এই ব্যাটিং তাল মিলিয়ে চলতে সক্ষম হচ্ছিলো না।

ডেথওভারে রান দরকার ঝড়ের বেগে। সেখানে আয়ুশ একটু ধীরলয়ে ব্যাট করছিলেন। এজন্যই তাঁকে রিটায়ার্ড আউট হিসেবে তুলে নিয়ে শিভম দুবেকে নামানো হয়।
আইপিএলের দর্শনে ডেথওভার মানেই পেছনের দিকে না তাকিয়ে শুধু আক্রমণ করে যাওয়া। ছক্কার পর ছক্কা হাঁকানোর লড়াই। যেটা সিএসকের দুবে কিংবা ডিওয়াল্ড ব্রেভিস করতে পারেন ভালো করে। কিন্তু, সেটা সম্ভব হচ্ছিল না মাহত্রেকে দিয়ে।
এক সময় যেখানে ১৬০ এর উপরে স্ট্রাইকরেটকে ধরা হতো দুর্দান্ত, সেখানে আইপিএল ক্রিকেটের সংজ্ঞা বদলে দিচ্ছে। দলের প্রয়োজন এমন সব ব্যাটার যিনি চোখ বুঝে বল বাউন্ডারি ছাড়া করতে পারেন, তাই তো রিটায়ার্ড আউটের কৌশলি ব্যবহার করতে দেখা গেল চেন্নাইকে।











