ঝড় আসে, কিন্তু কিছু ঝড় শুধু আকাশ নয়, ভেঙে দেয় মানুষের ঘর, স্বপ্ন আর জীবনের স্বাভাবিকতা। ঠিক এমনই এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার ব্লেয়ার টিকনার। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সাথে লড়াইয়ের আগে মাঠের বাইরেই যে তাঁকে লড়তে হয় জীবনের নির্মমতার সাথে।
সময়টা ২০২৩। নিউজিল্যান্ডের হকস বে অঞ্চল তখন প্রকৃতির ভয়ংকর রোষে বিধ্বস্ত। ঘূর্ণিঝড় সাইক্লোন গ্যাবরিয়াল এক রাতেই বদলে দেয় হাজারো মানুষের জীবন। টিকনার তখন জাতীয় দলের জার্সিতে টেস্ট ডেবিউয়ের অপেক্ষায়। ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্তের মাঝেই আসে হৃদয়বিদারক খবর—তার বাবার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
যে সময়টা ছিল আনন্দ আর স্বপ্নপূরণের, সেই সময়টাই পরিণত হয় গভীর মানসিক কষ্টে। একদিকে দেশের হয়ে মাঠে নামার দায়িত্ব, অন্যদিকে নিজের পরিবারের বিপর্যয়ের খবর—এই দুই বাস্তবতার টানাপোড়েন তাকে ভিতর থেকে নাড়িয়ে দেয়। তবুও তিনি থেমে যাননি। দেশের জন্য মাঠে নেমেছেন, আবার সুযোগ পেতেই ফিরে গেছেন নিজের এলাকায়, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে।
কিন্তু জীবন যেএখানেই থেমে থাকেনি। ২০২৪ সালে আসে আরও বড় ব্যক্তিগত ধাক্কা। স্ত্রী সারাহ টিকনার লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালের বিছানা, চিকিৎসার অনিশ্চয়তা আর পারিবারিক উদ্বেগ, সবকিছু একসঙ্গে ভেঙে দেয় এক ক্রিকেটারের মানসিক স্থিতি।

একদিকে আন্তর্জাতিক ক্রিকেট, অন্যদিকে প্রিয় মানুষের জীবনযুদ্ধ—এই দুই লড়াই একসঙ্গে সামলানো সহজ ছিল না। তবুও টিকনার থেমে থাকেননি। বাঁধার ফর্দ এখানেও ইতি টানেনি। সময় গড়ালো, তাঁর ক্যারিয়ারটা ততটা সমৃদ্ধ হয়নি। এর পেছনের কারণ ইনজুরি।এটি সেভাবে কখনোই নিয়মিত হতে দেয়নি ক্রিকেটে। বারবার এই ইনজুরি পেছন থেকে টেনে ধরেছে তাঁকে।
তবে থেমে গেলেই যে স্বপ্ন শেষ। তাই কাঁধে ব্যথা নিয়ে, চোখে ক্লান্তি নিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। কারণ দেশের জার্সি আর পরিবারের দায়িত্ব—দুটোর কোনোটিই তিনি এড়িয়ে যেতে চাননি। এবার পা রেখেছেন বাংলাদেশের মাটিতে, হাত ঘোরাবেন বাংলাদেশের বিপক্ষে।
ক্রিকেট বিশ্বে হয়তো তার নাম বড় তারকাদের তালিকায় নেই, নেই শত শত ম্যাচের পরিসংখ্যানের ঝলক। কিন্তু টিকনারের গল্প অন্য জায়গায় লেখা। সেটা শুধু উইকেট বা স্পিডের গল্প নয়—এটা টিকে থাকার গল্প, ভেঙে না পড়ে আবার দাঁড়িয়ে যাওয়ার গল্প।
ঝড় তাকে থামাতে পারেনি। ঘর ভেঙেছে, মন ভেঙেছে, কিন্তু স্বপ্ন ভাঙেনি। তাই তো ব্লেয়ার টিকনার শুধুই একজন ক্রিকেটার নন—তিনি এক লড়াইয়ের প্রতীক, যেখানে জয় মানে শক্ত থাকার আপ্রাণ চেষ্টা, জীবনকে নতুন করে শুরু করা।

Share via:











