রাজস্থান রয়্যালস শুধু ব্যাট হাতেই রাজত্ব করে না, বল ছোড়ার দিক দিয়েও তাদের সমান দখল। সব্যসাচী শব্দটা তাই তাদের পাশেই মানায়। আজ অবশ্য লখনৌ সুপার জায়ান্টসকে বোলিং দিয়েই কুপোকাত করে রিয়ান পরাগের দল নিজেদের শক্তিমত্তার দলিল রেখে গেল।
এদিন টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠায় লখনৌ। এরপরই যেন নিশুথি রাতের অন্ধকার নেমে আসে রাজস্থানের ডেরায়। নতুন বলে মোহাম্মদ শামির ভেলকিতে পরপর হারাতে হয় যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেলকে। ভরসা হয়ে থাকা বৈভব সুরিয়াভানশিও ফিরে যান সতীর্থদের পথ ধরে।

৩২ রানে তিন, সেখান থেকে ৭৭-তে পাঁচ উইকেট হারানো রাজস্থান যেন প্রথম পার্টে পরাজয়ের স্ক্রিপ্ট লিখে ফেলেছিল। শেষমেষ রবীন্দ্র জাদেজার ৪৩ রানে ভর করে কোনমতে ১৬০ রানের সংগ্রহ পায় তারা।
এই রান চেজ করা খুব কঠিন নয়, তবে সেটাকেই যেন পাহাড়সম ভেবে বসেছিল লখনৌ। ১১ রান তুলতেই তিন উইকেট হারিয়ে একেবারে কোনঠাসা হয়ে পড়ে ঋষাভ পান্তের দল। মিচেল মার্শ আর নিকোলাস পুরান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন বটে, তবে সেটাও এক হতাশা হয়েই থাকে। নিসঙ্গ লড়াই চালান কেবল মার্শ। ব্যাট থেকে আসে ৫৫ রান। ওটাই লখনৌ-এর আজকের দিনের সেরা প্রাপ্তি।

রাজস্থানের বোলিং আক্রমণের বিপরীতে টাল সামলাতে না পেরে মাত্র ১১৯ রানেই ইনিংসের সমাপ্তি টেনে দেয় তারা। পরাজয়ের ব্যবধান দাঁড়ায় ৪০। রাজস্থানও বুঝিয়ে দেয় ঝড় তোলা কিংবা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া, সবকিছুতেই তারা সিদ্ধহস্ত।











