মেসি ঝলক, তবুও আক্ষেপ

বার্সেলোনার হয়ে মেসি যতটা উজ্জ্বল আর্জেন্টিনার হয়ে নাকি ততটা নন! নামের পাশের এই অপবাদটা ঘুচিয়ে ফেলতে এবার মরিয়া লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে নিজের শেষ কোপা আমেরিকাতে এখনো পর্যন্ত দলকে একাই টানছেন মেসি। চিলির বিপক্ষে আগের ম্যাচে ফ্রি-কিক থেকে দারুণ গোল করে দলকে জেতাতে না পারলেও আজকে তাঁর ক্রস থেকে হেড করেই দলকে জিতিয়েছেন গুইডো রদ্রিগেজ।

কোপা আমেরিকার ইতিহাসের সবচেয়ে সফল এই দুই দলের লড়াইয়ে তাই উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। এই ম্যাচে অ্যাসিস্টের মধ্য দিয়েই ১৩ অ্যাসিস্ট নিয়ে কোপা ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হলেন লিওনেল মেসি। 

আগের ম্যাচে থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে আলবিসেলেস্তেরা। গঞ্জালো মন্টিয়েল, কোয়ার্তা, পারেদেসের জায়গায় একাদশে সুযোগ পান নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো এবং গুইডো রদ্রিগেজ। এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার মিডফিল্ডে সৃজনশীলতার অভাব থাকায় কিছুটা নিচে নেমে খেলছেন মেসি। নিজের নতুন ভূমিকাতেও দারুণ সফল বিশ্বসেরা এই তারকা।

ম্যাচের শুরু থেকেই ছোট ছোট পাসে আক্রমণ করে উরুগুয়ে রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করতে থাকে আকাশি-সাদারা। দশ মিনিটেই এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা কিন্তু বক্সের বাইরে থেকে নেয়া মেসির শটটি দারুণ দক্ষতায় রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা।

ৎফিরতি বলে শট নিতে পারেননি লাউতারো মার্টিনেজ। তবে ১৩ মিনিটে আর ঠেকানো যায়নি, বাঁ প্রান্তে পাওয়া কর্নার থেকে বল পেয়ে অনবদ্য এক ক্রস করেন মেসি। সেই ক্রসেই হেড করে দলকে এগিয়ে নেন গুইডো রদ্রিগেজ। জাতীয় দলের হয়ে এটিই তার প্রথম গোল।

পুরো ম্যাচে আরো বেশ কিছু ভালো আক্রমণ করে আর্জেন্টিনা। প্রতিটি আক্রমণের পুরোধা ছিলেন মেসি। বারবার প্রান্ত বদল করেছেন, প্রতিপক্ষের ডিফেন্ডারদের নিজের দিকে টেনে লাওতারোকে ফ্রি স্পেস দিয়েছেন, ড্রিবলিং করেছেন; সব মিলিয়ে আজকের ম্যাচ ছিল মেসিময়।

লাওতারো মার্টিনেজ বেশ কিছু সহজ সুযোগ নষ্ট না করলে আরো বড় ব্যবধানেই জিততে পারতো আর্জেন্টিনা। বিশেষ করে ম্যাচের শেষের দিকে দারুণ কিছু সু্যোগ পেয়েছিল, কিন্তু ফরোয়ার্ডদের খামখেয়ালিপনায় ম্যাচের ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। তবে, ইতিবাচক ব্যাপার হল চলতি কোপা আমেরিকায় প্রথম ম্যাচ জিতলো আর্জেন্টিনা – নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটাও ১৫ তম ম্যাচে টেনে নিয়ে যেতে পারাটাও কম কৃতিত্ব নয়।

তবে উরুগুয়েও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েছে। কিন্তু ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরো আজকে দারুণ খেলেছেন, একাই নস্যাৎ করে দিয়েছেন কাভানি-সুয়ারেজদের আক্রমণ। বল পজেশনে উরুগুয়ে এগিয়ে থাকলেও গোলমুখে শট নিতে পারেনি একবারও।

অন্যদিকে আর্জেন্টিনার নয়টি শটের ছয়টিই ছিল গোলপোস্টে। ২৭ মিনিটে অবশ্য কাভানি ডি বক্সে পড়ে গেলে পেনাল্টির দাবি জানায় উরুগুয়ে, কিন্তু তাতে পাত্তা দেননি রেফারি। ৬৯ মিনিটে ভিনার বাড়ানো বলে পা লাগাতে পারেননি কাভানি কিংবা সুয়ারেজ কেউই।

দিনের অন্য ম্যাচে কুইয়াবাতে বলিভিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে ম্যাচ জিতেছে চিলি। ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার বেন বেরেটন। এ জয়ের ফলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বি গ্রুপে চিলির সাথে যৌথভাবে শীর্ষে উঠে এলো আর্জেন্টিনা। আগামী সোমবার প্যারাগুয়ের মুখোমুখি হবেন মেসিরা।

ত্রিদেশীয় সিরিজে তুরুপের তাস কারা?

দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ওয়ানডে দলে হাসান মাহমুদের প্রত্যাবর্তন, তবে টেস্ট ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়ে চলেছেন হাসান! লাল বলের ক্রিকেটে তাঁর বোলিংয়ের ধার এবার সাদা বলেও দেখতে চাইবে লাল-সবুজের পতাকাবাহীরা। গতি, নিয়ন্ত্রিত লাইন-লেংথ আর ব্যাটারকে ভুল করতে বাধ্য করার দক্ষতা তাঁকে করে তুলতে পারে পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অস্ত্র। নতুন বলে উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে মাঝের ওভারে রান আটকে রাখা, প্রতিটি ক্ষেত্রেই তাঁর ভূমিকা হতে পারে তাৎপর্যপূর্ণ। টেস্টের আত্মবিশ্বাস ওয়ানডেতেও অনূদিত হলে হাসানের প্রত্যাবর্তন বাংলাদেশের বোলিংয়ে যোগ করতে পারে বাড়তি ধার। তবে একাদশে সরাসরি জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়ের জায়গা।

শিরোপার উল্লাসে লেখা হবে জামালের বিদায়গাথা?

ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম নেওয়া জামালের ফুটবলের হাতেখড়ি ইউরোপের যুব ফুটবল কাঠামোয়। ব্রন্ডবি আইএফের যুব দল পেরিয়ে মাত্র ১৪ বছর বয়সে সুযোগ পান এফসি কোপেনহেগেনের যুব দলে। সামনে ছিল পেশাদার ফুটবলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। কিন্তু ২০০৬ সালে, মাত্র ১৬ বছর বয়সে, গ্যাং-সংক্রান্ত গোলাগুলির মধ্যে পড়ে তাঁর শরীরে বিদ্ধ হয় চারটি বুলেট। কয়েক দিন কোমায় থাকার পর শুরু হয় দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন। একটা সময় আশঙ্কা দেখা দিয়েছিল, হয়তো আর কখনো ফুটবলে ফেরা হবে না তাঁর। কিন্তু জামাল ফিরলেন, হয়ে রইলেন বাংলাদেশ ফুটবলের এক জীবন্ত কিংবদন্তী!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link