চলতি বছরে ওয়ানডেতে হৃদয় যেন অতিমানবিক

২০২৬ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই তরুণ তুর্কির ব্যাট হাতে ধারাবাহিকতার স্তুতি আলাদাভাবে গাইতেই হয়।

মিরপুর থেকে চট্টগ্রাম। মাঠ বদলেছে, প্রতিপক্ষ বদলেছে, কিন্তু বদলায়নি কেবল একটি দৃশ্য। তাওহীদ হৃদয় ক্রিজে যাচ্ছেন, বোলারদের শাসন করছেন এবং দিনশেষে অপরাজিত থেকে মাঠ ছাড়ছেন। ২০২৬ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই তরুণ তুর্কির ব্যাট হাতে ধারাবাহিকতার স্তুতি আলাদাভাবে গাইতেই হয়।

গত মার্চে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ২৮ এবং অপরাজিত ৪৮ রানের ইনিংস দিয়ে ওয়ানডে ক্যালেন্ডার শুরু করেন হৃদয়। সেই ধারাবাহিকতা বজায় ছিল নিউজিল্যান্ড সিরিজেও।

মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে কিউইদের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলের ব্যর্থতার দিনেও উজ্জ্বল ছিলেন হৃদয়। খেলেছেন ৬০ বলে ৫৫ রানের এক সময় উপযোগী ইনিংস। পরের দুই ম্যাচেই বাঁচা-মরার লড়াইয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন হৃদয়।

বছরের এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে ম্যাচে হৃদয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি পাঁচটি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এবং তিন বারই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। এর ফলে ২০২৬ সালে বর্তমানে তার ব্যাটিং গড় এখন ৯৭ রান!

হৃদয়ের এই অবিশ্বাস্য ওয়ানডে গড় তাকে বিশ্বের প্রথম সারির ব্যাটারদের কাতারে নিয়ে এসেছে। যদিও চলতি বছরে গড়ের দৌড়ে তার উপরে আছেন ড্যারিল মিশেল  (১৭৬.০০), লোকেশ রাহুল (১৪২.০০), জো রুট (১২৩.৫০), ব্রেন্ডন ম্যাকমুলেন (১২২.০০) এবং হামাদ মির্জা (১০০.৫০)। তবে বাংলাদেশি হিসেবে হৃদয়ের এই ধারাবাহিকতা বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে নতুন করে চিনিয়েছে।

শুধু চলতি বছরের পরিসংখ্যান নয়, গড়ের বিচারে সামগ্রিক ওয়ানডে ইতিহাসেও হৃদয় এখন বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার। কমপক্ষে ৫০টি ওয়ানডে খেলা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন এক নম্বরে।

​দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট এমন একজন মিডল অর্ডার ব্যাটারের সন্ধানে ছিল, যিনি খাদের কিনারে দাঁড়িয়ে দলকে টেনে তুলবেন। তাওহীদ হৃদয় যেন সেই শূন্যস্থানের যোগ্যতম উত্তরসূরি। চাপের মুখে হিমশীতল মস্তিষ্ক আর ম্যাচ শেষ করে আসার যে বিরল প্রতিভা তিনি দেখাচ্ছেন, তা নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য এক পরম আশীর্বাদ।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link